নারায়ণগঞ্জ, আগস্ট ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সম্পদের তথ্য গোপন ও আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সাংসদ শামীম ওসমানের বিরুদ্ধে কর বিভাগের দায়ের করা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।
আসামির অনুপস্থিতিতেই রোববার নারায়ণগঞ্জের বিশেষ জজ আবদুল কুদ্দুস মিয়ার আদালতে সাক্ষ্য গ্রহণের প্রথম দিন মামলার বাদি নারায়ণগঞ্জ আয়কর সার্কেল-২ এর সহকারী কর কমিশনার মিহির লাল সরকারের সাক্ষ্য নেওয়া হয়।
সরকার পক্ষের কৌঁসুলি (পিপি) সুলতানুজ্জামান সাংবাদিকদের বলেন, "বাদি আদালতকে জানিয়েছেন, শামীম ওসমান ১৯৯৮-৯৯ এবং ২০০০-২০০১ অর্থ বছরে ৭৫ লাখ ২২ হাজার টাকার অর্জিত অর্থ ও সম্পদের তথ্য গোপন করেছেন এবং ১৪ লাখ ৪৫ হাজার টাকা আয় কর ফাঁকি দিয়েছেন।"
এ অভিযোগেই গত ৮ আগস্ট আয়কর অধ্যাদেশ অনুসারে শামীম ওসমানের বিরুদ্ধে মামলাটি দায়ের করার কথা বাদি আদালতকে বলেছেন বলে অ্যাডভোকেট সুলতানুজ্জামান জানান।
তিনি আরও জানান, এ মামলায় রাষ্ট্রপক্ষে সাক্ষী ছয় জন। আদালত আসামী ২৮ আগস্ট অন্য সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।
একাধিক বার আদালত নোটিশ দেওয়ার পরও এ মামলার একমাত্র আসামি শামীম ওসমান আদালতে হাজির হননি। তাই আসামির অনুপস্থিতিতেই বিচার কাজ শুরু হয়েছে বলে জানান সুলতানুজ্জামান।
এর আগে নির্ধারিত সময়ে সম্পদের হিসাব না দেওয়ায় দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় আদালত পলাতক অবস্থায়ই শামীম ওসমানকে তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২২০৪ ঘ.
bdnews24