মেহেরপুর, আগস্ট ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- এক স্কুল শিক্ষিকাকে অপহরণ করতে গিয়ে রোববার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন গাংনী উপজেলা বিএনপির নেতা হাফিজুর রহমান বুলু। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাও হয়েছে।
হাফিজুর রহমান বুলু সাবেক বিএনপি সাংসদ রেজা আহমেদ বাচ্চু মোল্লার ভায়রা।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আলম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, কমরদী পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকাকে অপহরণ করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে- এমন খবর পেয়ে রোববার দুপুরে বামুন্দী পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক মহসিন আলী গাড়ি নিয়ে বুলুর মাইক্রোসটি তাড়া করে। এক পর্যায়ে কমরদী এলাকায় মাইক্রোবাসটি আটকে ফেলে পুলিশ। গ্রেপ্তার করা হয় বুলকে।
ওই শিক্ষিকা পুলিশকে জানিয়েছেন, তাকে জোর করে মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। দীর্ঘদিন ধরেই বুলু তাকে উত্যক্ত করে আসছিলো বলে শিক্ষিকা অভিযোগ করেন।
পরে স্কুল শিক্ষিকা বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ বুলুকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়। বিচারক বুলুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
বামুন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আওয়াল ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "একজন বিএনপি নেতার দ্বারা এমন ধরনের অপহরণ ঘটনা খুবই দুঃখজনক ও লজ্জার।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০৪১ ঘ.
bdnews24