যশোর, আগস্ট ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- যশোরে বোমা হামলার রহস্য এখনও ভেদ করতে পারেনি পুলিশ। বোমা হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। আর এতে জড়িত সন্দেহে চার জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়েছে পুলিশ।
শনিবার রাত ৯টার দিকে মাত্র আধা ঘন্টার ব্যবধানে শহরের তিনটি গুরুত্বপুর্ণ স্থানে বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ মতিন রোববার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বোমা হামলার রাতেই থানায় একটি মামলা নথিভুক্ত করা হয়। এর তদন্তভার দেওয়া হয়েছে উপ-পরিদর্শক খলিলুর রহমানকে।"
তিনি জানান, বোমা হামলাকারীদের গ্রেপ্তার এবং রহস্য উদঘাটনে রাতভর অভিযান চালিয়ে সন্দেহভাজন চার জনকে গ্রেপ্তার করা হয়।
এরা হলেন, যশোর শহরের চাঁচড়া এলাকার রাশেদুল ইসলাম মিঠু, খড়কির আনোয়ার পারভেজ, নুরপুরের আব্দুল মান্নান ও বরান্দিপাড়ার কৃষ্ণকুমার কর।
রোববার চার জনকেই আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা খলিলুর রহমান। তখন ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম তাদের পাঁচ দিন রিমান্ডের নির্দেশ দেন।
এদিকে বোমা বিস্ফোরণে আহত রতন কান্তি, শেখ জাহাঙ্গীর ও আলম শেখ এখনও যশোর সদর হাসপাতালে রয়েছেন। তবে তারা এখন আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন। অপর আহত মিন্টু চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৪৬ ঘ.
bdnews24