ঢাকা,২৬ আগস্ট( বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--রাজধানীর ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ এবারো এইচএসসি পরীক্ষার ফলাফলে এগিয়ে।
অধ্যক্ষা তাহমিনা খানম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের কলেজ থেকে এবার মোট ১,১৩২ জন ছাত্রী এসএসসিতে অংশ নেয়। এরমধ্যে ৪৯৩ জন জিপিএ-৫ পেয়েছে। জিপিএ - ৫ প্রাপ্তদের মধ্যে বিজ্ঞানে ৩৬৪, মানবিকে ৫২ ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৭৭ জন ছাত্রী রয়েছেন।
অধ্যক্ষা খানম বলেন, "বরাবরই আমরা শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির ওপর গুরুত্ব দেই। দেড় বছরে মোট ৫টি পরীক্ষা নেওয়া হয়। এ সব পরীক্ষার পর ছাত্রীদের খাতা দেখিয়ে দুর্বলতা ধরিয়ে দিয়ে শোধরানো হয়। এ থেকে ছাত্রীরা নিজেদের চূড়ান্ত পরীক্ষার জন্য প্রস্তুত করার সুযোগ পায়। এছাড়া শিক্ষকদের দিক নির্দেশনা ও ছাত্রীদের আপ্রাণ চেষ্টা তো আছেই।"
ঠিক তিনটায় কলেজ মিলনায়তনে তুমুল হইচইয়ের মধ্যে যখন মাইকে পরীক্ষার ফল ঘোষণা করা হচ্ছিলো, তখন এক কোণে হুইল চেয়ারে বসে আনন্দে কেঁদে ফেলেন বিজ্ঞানে জিপিএ - ৫ পাওয়া ছাত্রী সুমাইয়া মাহমুদ রাত্রি।
রাত্রি বলেন, "পরীক্ষার পর আমার পায়ে টিউমারের অপারেশন হয়। ডাক্তার বলেছেন, শিগগিরই ভাল হয়ে উঠবো। কিন্তু এখন মেডিকেল কলেজে ভর্তির কোচিং নিয়ে চিন্তা হচ্ছে। আমি তো বাসা থেকে বের হতে পারি না!"
পরীক্ষার ফলাফল ঘোষণার পর একসঙ্গে শত শত ছাত্রীর তুমুল চিৎকারে মিলনায়তনের টিনের ছাদ উড়ে যাওয়ার অবস্থা হচ্ছিল। এক সময় নামে ঝুম বৃষ্টি। কিন্তু এতে ছাত্রীদের উল্লাস বাড়ে আরো। মাঠে নেমে বৃষ্টির মধ্যে ভিজে নেচেগেয়ে, আঙুলে বিজয় প্রতীক 'ভি' চিহ্ন দেখিয়ে ক্যামেরার সামনে পোজ দেয় অনেকে।
পরীক্ষায় ভাল ফলাফলের কৌশল তার মতে কী -এই প্রশ্নের জবাবে কৃতী ছাত্রী তাসনুরা জান্নাত বলেন, "নিয়মিত ক্লাস আর রুটিন অনুসরণ করা আর দিনে ৮ থেকে ১২ ঘন্টা পড়াশুনাই যথেষ্ট। কোচিং বা মডেল টেস্ট অনুসরণ করার কোনোই প্রয়োজন নেই। নিজে নিজে সাজেশন তৈরি করে টেস্ট বই অনুসরণ করলেই যথেষ্ট।"
পাশ থেকে ওর কয়েকজন সহপাঠিও এই বক্তব্যকে সমর্থন জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এসকে/১৭০৮ ঘ.
bdnews24