২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উলিপুরে বন্যার্তদের পচা চাল বিতরণের পর ফিরিয়ে নেওয়ার উদ্যোগ

কুড়িগ্রামের উলিপুরে বন্যার্তদের মাঝে বেসরকারি একটি উন্নয়ন সংস্থা দুর্গন্ধযুক্ত পচা চালের প্যাকেট বিতরণের পর প্রশাসনের চাপে সেগুলো ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে। এলাকায় এজন্য মাইকিং করা হলেও শনিবার পর্যন্ত মাত্র ৬১ প্যাকেট চাল ফেরৎ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2007, 06:02 PM

Updated : 26 Aug 2022, 08:30 PM

কুড়িগ্রাম, আগস্ট ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামের উলিপুরে বন্যার্তদের মাঝে বেসরকারি একটি উন্নয়ন সংস্থা দুর্গন্ধযুক্ত পচা চালের প্যাকেট বিতরণের পর প্রশাসনের চাপে সেগুলো ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে। এলাকায় এজন্য মাইকিং করা হলেও শনিবার পর্যন্ত মাত্র ৬১ প্যাকেট চাল ফেরৎ পাওয়া গেছে। এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার বিশ্বখাদ্য কর্মসূচির সহায়তায় উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নে আরডিআরএস ১৫ কেজি চাল ও তিন/চার প্যাকেট বিস্কুটের একটি করে প্যাকেট তিনশ' ৭৫ পরিবারের মধ্যে বিতরণ করে। এ সময় সিভিল সার্জন, সহকারী জেলা ম্যাজিস্ট্রেট ও তথ্য অফিসার ঘটনাস্থলে গিয়ে চালগুলো খাবার অযোগ্য ঘোষণা করেন। পরে জেলা প্রশাসকের নির্দেশে রাতভর চাল ফেরৎ দেওয়ার জন্য মাইকিং করা হয়। কুড়িগ্রামের জেলা প্রশাসক এ আর মোল্লা জানান, "বিষয়টির ওপর কড়া নজর রাখার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।" শনিবার আরডিআরএসের দুর্যোগ পরিবেশ বিভাগের সমন্বয়কারী মোছাদ্দেক আলী জানান, "মাইকিং সত্ত্বেও মাত্র ৬১ জন চাল ফেরৎ দিয়েছে। বাকি চাল ফেরৎ নেওয়ার চেষ্টা করছেন তাদের কর্মীরা। বিশ্বখাদ্য কর্মসূচি সরাসরি এই চাল সরবারাহ করেছে। তাই এর জন্য আরডিআরএস দায়ী নয়।" অবশ্য বিশ্বখাদ্য কর্মসূচির সহকারী মাঠ কর্মকর্তা প্রণব কুমার দে জানান, "অভ্যন্তরীণ পরিবহনের সময় চালগুলো ভিজে নষ্ট হয়েছে। এজন্য আরডিআরএসকেই নতুন করে চাল দিতে হবে।" তিনি বলেন, এ বছর কুড়িগ্রামে বিশ্বখাদ্য কর্মসূচির পক্ষ থেকে তিনশ' ৩০ টন চাল বিতরণ করা হয়েছে। এদিকে, বেগমগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাবলু মিয়া জানান, চাল ফেরৎ দিলে আবার পাওয়া যাবে কিনা এ আশঙ্কায় অনেকে তা দিচ্ছে না। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২৩৫৫ ঘ.