২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে তিন স্থানে বোমা বিস্ফোরণ

শহরের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে শনিবার রাতে আধঘণ্টার ব্যবধানে তিনটি বোমা বিস্ফোরিত হয়েছে। এতে আহত হন চারজন। যশোর কতোয়ালি মডেল থানা, মুজিব সড়কের সার্কিট হাউজ ও শঙ্করপুর বাস টার্মিনালের সামনে বোমাগুলো ফাটে। জেলা প্রশাসক মোহাম্মদ আবু আল হোসেন বোমা বিস্ফোরণের ঘটনা পরিকল্পিত হতে পারে বলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2007, 05:20 PM

Updated : 26 Aug 2022, 08:30 PM

যশোর, আগস্ট ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শহরের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে শনিবার রাতে আধঘণ্টার ব্যবধানে তিনটি বোমা বিস্ফোরিত হয়েছে। এতে আহত হন চারজন। যশোর কতোয়ালি মডেল থানা, মুজিব সড়কের সার্কিট হাউজ ও শঙ্করপুর বাস টার্মিনালের সামনে বোমাগুলো ফাটে। জেলা প্রশাসক মোহাম্মদ আবু আল হোসেন বোমা বিস্ফোরণের ঘটনা পরিকল্পিত হতে পারে বলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। পুলিশ জানায়, রাত ৯টায় প্রথম বোমাটি ফাটে শঙ্করপুর বাস টার্মিনাল ফিলিং স্টেশনের সামনে। এরপর সার্কিট হাউজ ও থানার সামনে দুটি বোমা বিস্ফোরিত হয়। বিস্ফোরণে কোতোয়ালি থানার সামনে বেতপাড়ার রতন কান্তি, হামিদপুরের শেখ জাহাঙ্গীর ও নীলগঞ্জের আলম শেখ এবং সার্কিট হাউজের সামনে মিন্টু নামে এক রিকশা চালক আহত হন। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক আইয়ূব আলী শরীফ রাত সাড়ে ১০টার দিকে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ব্যাপারে কাউকে আটক করা যায়নি। এ পর্যন্ত চারজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে পুলিশ বোমার আলামত উদ্ধার করেছে।" বিস্ফোরণের পরপরই যশোর পুলিশ সুপার ইকবাল বাহার ও সেনা ক্যাম্পের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল শামীমুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হাসপাতালে আহতদের দেখতে যান। ইকবাল বাহার সাংবাদিকদের জানান, "কারা এর সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২৩০০ ঘ.