২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইনী প্রক্রিয়া অনুসরণ করুন: ঢাবি উপাচায

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার আটক দুই সহকর্মী শিক্ষকের ব্যাপারে যথাযথ আইনী প্রক্রিয়া অনুসরণ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেনন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2007, 10:15 AM

Updated : 26 Aug 2022, 08:30 PM

ঢাকা, আগস্ট ২৪(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার আটক দুই সহকর্মী শিক্ষকের ব্যাপারে যথাযথ আইনী প্রক্রিয়া অনুসরণ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন। অধ্যাপক হায়দার বলেন,'' বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হিসেবে আমি আশা করব, সম্মানিত শিক্ষকদের ব্যাপারে আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হবে। তাদের ক্ষেত্রে ন্যায়বিচার প্রাপ্তিতে যেন কোনো বাধা সৃষ্টি করা না হয়।'' শনিবার দুপুরে উপাচার্য তার বাসভবনের কার্যালয়ে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এ কথা বলেন। তিনি জানান, দুই সহকর্মী শিক্ষককে আটক করার পর থেকে তিনি নিজেও উদ্বেগ ও উৎকন্ঠায় আছেন । সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গেও তিনি যোগাযোগ করেছেন বলে উপাচার্য ইউসুফ হায়দার জানান। দুপুর ১২টা পর্যন্ত তিনি শিক্ষকদ্বয়ের অবস্থান সম্পর্কে কিছুই জানতেন না। এছাড়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সদরুল আমিনসহ কয়েকজন শিক্ষক উপাচার্যের সঙ্গে দেখা করেছেন। তারা আটক শিক্ষকদের মুক্তির বিষয়ে আলাপ করেছেন বলে জানা গেছে। ইংরেজী বিভাগের অধ্যাপক সদরুল আমিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন,'' দুই শিক্ষকের বিরুদ্ধে কি অভিযোগ আছে আমি জানি না। কোনো অভিযোগ ছাড়া কাউকে গ্রেফতার করা উচিত নয়।'' অধ্যাপক সদরুল আমিন জানান, বৃহস্পতিবার রাতে তার বাসায়ও যৌথ বাহিনীর সদস্যরা গিয়েছিলো। তিনি ওই সময়ে বাসায় ছিলেন না। এক প্রশ্নের জবাবে অধ্যাপক আমিন বলেন, জরুরি অবস্থায় শিক্ষক সমিতির সাধারণ সভা করা যায় না। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আখতারুজ্জামান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন,''নৈতিক অবস্থান থেকে শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছিলেন। সরকার উৎখাত ও সরকারকে বেকায়দায় ফেলার যে অপপ্রচার চালানো হচ্ছে-এটা ঠিক নয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কোনো গোপন আঁতাতে সরকার উৎখাতের চেষ্টা করবেন না।'' তিনি শিক্ষকদের মুক্তি দিয়ে স্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য সরকারের প্রতি দাবি জানান। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কমিটির এক সভা শনিবার সকালে ভারপ্রাপ্ত উপাচার্য ইউসুফ হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কমিটির সভায় সিদ্ধান্ত হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় হলসমূহের কার্যালয় বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ে সবগুলো হল ছাত্রশূন্য। তবে আর্ন্তজাতিক হল খোলা রয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে ক্যাম্পাসের টাওয়ার ভবনের বাসা থেকে শিক্ষক সমিতি নেতা অধ্যাপক আনোয়ার হোসেন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক হারুন-অর-রশীদকে জিজ্ঞাসাবাদের জন্য যৌথ বাহিনীর সদস্যরা আটক করে। অধ্যাপক আনোয়ার হোসেন ও অধ্যাপক হারুণ-অর-রশীদের পরিবার তাদের মুক্তি দাবি করেছে। শনিবারও সকাল থেকে টাওয়ার ভবনে উভয় শিক্ষকের ফ্ল্যাটে এসে বিশ্ববিদ্যালয়ের সহকর্মী শিক্ষক ও নিকট আত্মীয়রা দেখা করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/এসএম/এসকে/১৬০৭ ঘ.