২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিটি কর্পো: কমিশনাররা এখন থেকে মাসিক সম্মানি ভাতা পাবেন

সিটি কর্পোরেশনগুলোর কমিশনাররা এখন থেকে সম্মানি ভাতা পাবেন। আর মেয়রের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করতে গঠন করা হবে একজন মহিলাসহ তিন সদস্যের মেয়র প্যানেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2007, 09:51 AM

Updated : 26 Aug 2022, 08:30 PM

ঢাকা, আগস্ট ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সিটি কর্পোরেশনগুলোর কমিশনাররা এখন থেকে সম্মানি ভাতা পাবেন। আর মেয়রের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করতে গঠন করা হবে একজন মহিলাসহ তিন সদস্যের মেয়র প্যানেল। শনিবার প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের নিয়মিত সাপ্তাহিক বৈঠকে ছয়টি সিটি কর্পোরেশনের বর্তমান আইনে উল্লেখিত বিষয় দুটি অন্তর্ভূক্ত করে সংশোধনী প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকের পর স্থানীয় সরকার ,পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা মো. আনোয়ারুল ইকবাল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেন, " সিটি কর্পোরেশনের নির্বাচিত প্রতিনিধিদের প্রথম সভায় কমিশনারদের মধ্য থেকে তিন সদস্যের মেয়র প্যানেল নির্বাচন করতে হবে। প্যানেলে একজন মহিলা সদস্য রাখা বাধ্যতামূলক করা হয়েছে। উপদেষ্টা জানান, প্রথম সভায় মেয়র প্যানেল নির্বাচন করা না গেলে সরকার তা গঠন করে দেবে। বর্তমানে কোন সিটি কর্পোরেশে প্রথম সভা করার সুযোগ নেই বলে সরকারই এখন প্যানেল তৈরী করে দেবে। নাম প্রকাশ না করার শর্তে অন্য একজন উপদেষ্টা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম টেলিফোনে বলেন, " আজকের বৈঠকে দেশের আইন-শৃংখলা পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।" বৈঠকে দেশের খাদ্য পরিস্থিতির বর্তমান চিত্র তুলে ধরা হয়। এক্ষেত্রে খাদ্য মজুদ, সরবরাহ ও সংগ্রহের একটি পরিসংখ্যান উপস্থাপন করা হয়। আনোয়ারুল ইকবাল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন "এত দিন সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনারদের জন্য কোন সম্মানি ভাতা ছিল না। সংশোধিত অধ্যাদেশ কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেক সিটি কর্পোরেশন নিজস্ব তহবিল থেকে কমিশনারদের ভাতা দেবে। তবে সম্মানি ভাতার অঙ্ক নির্ধারণ করে দেওয়া হয়নি। সিটি কর্পোরেশনগুলো তাদের নিজস্ব আয়ের ওপর ভিত্তি করে বাজেটে ভাতা অন্তর্ভূক্ত করবে। এক্ষেত্রে সরকারের অনুমোদন নিতে হবে।" ইউনিয়ন পরিষদ ও পৌরসভার সদস্য ও কমিশনাররা সম্মানি ভাতা পেয়ে থাকেন বলে স্থানীয় সরকার উপদেষ্টা উল্লেখ করেন। তিনি বলেন, সার্বিক বন্যা পরিস্থিতি অবহিত করা হয়েছে আজকের বৈঠকে। ত্রাণ বিতরণ ও বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমের অগ্রগতি এসময় তুলে ধরা হয়। এছাড়া বৈঠকে কৃষিকাজে ব্যবহৃত কীটনাশকের অপপ্রয়োগরোধে কীটনাশক সংশোধনী অর্ডিন্যান্স ২০০৭ অনুমোদন দেওয়া হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ ইএইচবি/এএইচডি/এসকে/১৫৪০ঘ.