নারায়ণগঞ্জ, আগস্ট ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- হত্যার অভিযোগে নারায়ণগঞ্জে দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাত দিন আগে চড় দেওয়ার মতো তুচ্ছ ঘটনার প্রতিশোধ নিতেই টিটু(১৬) ও পলাশ(১৪) নামে ওই দুই কিশোর মাহমুদুর রহমান মনা(৪০) নামে এক শ্রমিককে কুপিয়ে হত্যা করে বলে পুলিশ জানায়।
নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, নিহত মাহমুদুর রহমান শহরের উকিলপাড়ার সোলায়মান হোসিয়ারিতে শ্রমিকের কাজ করতেন। পানি চাইলে তা দিতে দেরি হওয়ায় ওই কারখানারই শ্রমিক পলাশকে সাত দিন আগে চড় মেরেছিলেন মনা।
ওসি রফিকুল জানান, চড় খেয়ে পলাশ ক্ষিপ্ত হয়ে তার মামাতো ভাই ও আরেকটি গেঞ্জির কারখানার শ্রমিক টিটুকে নিয়ে মনাকে হত্যার পরিকল্পনা করে। মনা রাতে কারখানাতেই ঘুমাতো। পরিকল্পনা মতো বৃহস্পতিবার রাতে পলাশ ও টিটু দুজনে কারখানায় ঘুমায়। শুক্রবার ভোরের দিকে দুজনে মিলে চাপাতি দিয়ে ঘুমন্ত মনাকে এলোপাতাড়ি কোপায়। এতে ঘটনাস্থলেই মারা যায় মনা। ওই সময় কারখানার অন্য শ্রমিকরা এসে পলাশকে হাতেনাতে ধরে ফেলে।
এরপর শহরের খানপুরে অবস্থিত নারায়ণগঞ্জ হাসপাতাল থেকে টিটুকে গ্রেপ্তার করে পুলিশ। মনাকে ছুরিকাঘাত করতে গিয়ে টিটুর হাতের আঙ্গুল কেটে গিয়েছিল। চিকিৎসা নিতেই টিটু নারায়ণগঞ্জ হাসপাতালের জরুরি বিভাগে গিয়েছিলেন বলে পুলিশ কর্মকর্তা রফিকুল জানান।
তিনি আরও জানান, হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।
লাশের ময়নাতদন্ত হয়েছে। এ ঘটনায় মনার চাচাতো ভাই সাইদুর রহমান বাদী হয়ে পলাশ ও টিটুকে আসামি করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
নিহত মনা চট্টগ্রামের ফটিকছড়ির মৃত দুদু মিয়ার ছেলে। অন্যদিকে টিটু ও পলাশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে। টিটুর বাবা মলিন সরকার, পলাশের বাবা শচীন টেন্ডুলকার।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৩৬ ঘ.
bdnews24