ঢাকা, ২৩ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --সেনাসদস্যরা বৃহস্পতিবার বেসরকারি টেলিভিশনের এক নারী সাংবাদিককে অপদস্থ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আরটিভি-র স্টাফ রিপোর্টার নাফিসাদৌলা অভিযোগ করেন, সেনাসদস্যরা তার চুল কেটে, মুখে আলকাতরা লাগিয়ে দেওয়ারও হুমকি দেয়।
নাফিসাদৌলা বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় তার এক সহকর্মীর সঙ্গে মটরসাইকেলে করে তার কর্মস্থলে যাওয়ার পথে মানিকনগরে সেনা সদস্যরা তাদের থামায়। সেনা সদস্যরা তাদের পরিচয়পত্র দেখতে চাইলে তারা তা দেখান বলে নাফিসা জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে নাফিসা বলেন, "আর্মির জওয়ানরা আমার কাছে জানতে চায় আমার চুল উসকো-খুসকো কেনো। অমি কোনো জবাব না দেওয়ায় একজন বলেন, কি সাংবাদিক বলে নিজেকে মাস্তান মনে করেন নাকি? এসময় তারা আমার চুল কেটে মুখে আলকাতরা লাগিয়ে দেওয়ারও হুমকি দেয়।"
নাফিসা জানান, ঘটনার সময় তার পরনে ছিল জিন্সের প্যান্ট ও ফতুয়া। তিনি বলেন, "আমি সেনা সদস্যদের কথার প্রতিবাদ করলে তারা আমাকে বলেন, বাঙালি মেয়েরা কি এ ধরনের জামাকাপড় পড়ে? আমি তাদের এ ধরনের আচরণের প্রতিবাদ করতে থাকলে তারা আমাকে তুই সম্বোধন করে বলে, কি ভেবেছিস দেশে এখন গণতন্ত্র আছে? যা খুশি তাই বলে যাবি। তারা আমাকে গজারি কাঠের লাঠি দেখিয়ে বলে, ডোজ পড়লে সব ঠিক হয়ে যাবে।"
নাফিসা বলেন, "এক পর্যায়ে সেনা সদস্যরা আমাদের বলে, যতক্ষণ পর্যন্ত আমাদের দু'জনই হেলমেট ব্যবহার না করব ততক্ষণ যেনো আমরা মটরসাইকেল ঠেলে নিয়ে যাই।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচবি/২১৩৫ ঘ.
bdnews24