২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাজেহাল হলেন সরকারি কর্মকর্তারাও

বুধবার বিকেলে দেশের ছয়টি বিভাগীয় শহরে রাত থেকে কারফিউ ঘোষণা করা হলেও অফিস-আদালত বন্ধের ব্যাপারে কোন নির্দেশনা না থাকায় বৃহস্পতিবার সকালে সচিবালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে বেশ কিছু কর্মকর্তা-কর্মচারি যথারীতি উপস্থিত হন। সকাল সাড়ে নয়টায় সংস্থাপন সচিব আবদুস সালাম খান কারফিউয়ের আওতাধীন এলাকার সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান ও কার্যালয়গুলোতে সাধারণ ছুটির ঘোষণা সম্বলিত একটি প্রজ্ঞাপন জারি করেন। এরপরই দু'একজন সচিব ছাড়া সচিবালয়ের প্রায় সব মন্ত্রণালয়ের কার্যালয়গুলো খালি হয়ে পড়ে। সকাল সাড়ে ১০টার মধ্যে পুরো সচিবালয় প্রায় জনশূন্য হয়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2007, 01:59 PM

Updated : 26 Aug 2022, 08:30 PM

ঢাকা, আগস্ট ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বুধবার বিকেলে দেশের ছয়টি বিভাগীয় শহরে রাত থেকে কারফিউ ঘোষণা করা হলেও অফিস-আদালত বন্ধের ব্যাপারে কোন নির্দেশনা না থাকায় বৃহস্পতিবার সকালে সচিবালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে বেশ কিছু কর্মকর্তা-কর্মচারি যথারীতি উপস্থিত হন। সকাল সাড়ে নয়টায় সংস্থাপন সচিব আবদুস সালাম খান কারফিউয়ের আওতাধীন এলাকার সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান ও কার্যালয়গুলোতে সাধারণ ছুটির ঘোষণা সম্বলিত একটি প্রজ্ঞাপন জারি করেন। এরপরই দু'একজন সচিব ছাড়া সচিবালয়ের প্রায় সব মন্ত্রণালয়ের কার্যালয়গুলো খালি হয়ে পড়ে। সকাল সাড়ে ১০টার মধ্যে পুরো সচিবালয় প্রায় জনশূন্য হয়ে যায়। এ সময় সচিবালয়ের ভেতরে ঘুরে তথ্য মন্ত্রণালয়ের অধীনস্থ তথ্য অধিদপ্তর, কিছু গোয়েন্দা সংস্থার লোক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছাড়া তেমন কাউকে দেখা যায়নি। সচিবালয়ে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, কারফিউ সত্ত্বেও ছুটি সংক্রান্ত কোন নির্দেশনা না থাকায় বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা পর্যন্ত প্রায় ২৫ শতাংশ কর্মকর্তা ও কর্মচারি সচিবালয়ের নিজ নিজ কর্মস্থলে উপস্থিত হন। সরকারি কর্মচারি হওয়া সত্ত্বেও তাদের বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্টদের নিগ্রহের শিকার হতে হয়। তবে অনেকে আগেই প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিভিন্ন গণমাধ্যমে দেয়া সরকারি সাধারণ ছুটির খবর পেয়ে ঘর থেকে বের হননি। ফলে মোটের ওপর সচিবালয়ে সকাল থেকেই উপস্থিতির হার ছিল হাতে গোনা। কর্মস্থলে এসে ছুটির ঘোষণা পেয়ে ঘরমুখী কর্মচারি নাসিমুল আলম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, আগে থেকে সরকারের কোন ঘোষণা না পেয়ে তারা অনেকে কাজে এসেছেন। কিন্তু কর্মস্থলে পৌঁছার পর জানতে পারেন অফিস একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে নানা প্রতিকুলতার মধ্যে কর্মস্থলে পৌঁছেই আবারো একই অবস্থার মধ্যে তাদের ঘরে ফিরতে হচ্ছে। ভুক্তভোগী কর্মচারীরা বলেন, সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে আগাম জানানো হলে তাদের এ দুর্ভোগ হতো না। এদিকে অফিসে আসার পথে র‌্যাবের নির্যাতনে আহত হয়েছেন খোদ সংস্থাপন মন্ত্রণালয়ের উপ-সচিব আবু বকর সিদ্দিকীর ব্যক্তিগত কর্মকর্তা আজিজুল হক। সচিবালয় ক্লিনিকে চিকিৎসা নেয়ার সময় আজিজুল হক সাংবাদিকসহ সংশ্লিষ্টদের জানান, আজিমপুরের বাসা থেকে বেরিয়ে তিনি শহীদ মিনারের সামনে দিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন। সকাল সোয়া নয়টার দিকে শহীদ মিনার এলাকায় কর্তব্যরত র‌্যাব সদস্যরা তাকে সামনে পেয়ে বেধড়ক পেটায়। র‌্যাব সদস্যদের নির্মম নির্যাতনে তিনি গুরুতর আহত হন। ওই অবস্থায় তিনি সচিবালয়ে গিয়ে সেখানকার ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নেন। পরে তাকে সেখান থেকে সরকারি কর্মচারি হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনার খবর সচিবালয়ে উপস্থিত কর্মকর্তা ও কর্মচারিদের মধ্যে ছড়িয়ে পড়লে তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা একযোগে সংস্থাপন সচিব আবদুস সালাম খানের সঙ্গে দেখা করে এর প্রতিকার দাবি করেন। এ সময় সচিব তাদের প্রতিকারের আশ্বাস দিলে তারা শান্ত হন। বিভিন্ন কার্যালয় ঘুরে দেখা যায়, তথ্য অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারিরা ছাড়া বৃহস্পতিবার মাত্র তিনটি মন্ত্রণালয়ের সচিবরা অফিসে উপস্থিত হন। ওই তিন সচিব হলেন- সংস্থাপন সচিব আবদুস সালাম খান, স্বরাষ্ট্র সচিব আবদুল করিম এবং স্বাস্থ্য সচিব একেএম জাফরউল্লাহ খান। অফিস ছুটির ঘোষণা পাওয়ার পরই স্বাস্থ্য সচিব বাসায় ফিরে যান। সংস্থাপন সচিব ও স্বরাষ্ট্র সচিব ১২টা পর্যন্ত নিজ নিজ কার্যালয়ে অবস্থান করেন। পরে তারাও প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠেয় এক সভায় যোগ দেয়ার জন্য চলে যান। তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা ইফতেখার হোসেন সকাল থেকে গণমাধ্যমের সাংবাদিকদের নির্যাতনের খবরে উদ্বেগ প্রকাশ করেন। এক পর্যায়ে তার হস্তক্ষেপে গণমাধ্যমের প্রতিনিধিদের প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র এবং তথ্য অধিদপ্তরের (পিআইডি) দেয়া অ্যাক্রিডিটেশন কার্ডই কারফিউ পাশ হিসেবে গণ্য হবে বলে ঘোষণা দেয়া হয়। তবে এর পরও অনেক সাংবাদিক হয়রানির শিকার হয়েছেন। কারণ কারফিউয়ের সময় টহলদানরত সেনা, পুলিশ ও র‌্যাব সদস্যদের অনেকে দাপ্তরিক পরিচয়পত্রকে কারফিউ পাস হিসেবে মানতে অস্বীকৃতি জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/১৯২৮ঘ.