ঢাকা, আগস্ট ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- কারফিউয়ের সময় পেশাগত দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক সাংবাদিকদের লাঞ্ছিত ও দায়িত্ব পালনে বাধা দেয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি ।
বৃহস্পতিবার বিএফইউজের সভাপতি মোজাম্মেল হক ও ভারপ্রাপ্ত মহাসচিব নুরুল আমিন রোকন এক বিবৃতিতে বলেন, সাংবাদিকদের ওপর এ ধরণের হয়রানির বিষয়টি সরকারের সংশ্লিষ্ট মহলকে জানানোর পরও বিভিন্ন স্থানে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা প্রদান ও প্রহারের ঘটনা অব্যাহত রয়েছে।
রিপোর্টার্স ইউনিটির সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক শাহেদ চৌধুরী তাদের বিবৃতিতে বলেন, সাংবাদিকদের পরিচয়পত্র পাশ হিসেবে গণ্য হবে এ মর্মে সরকারের সুস্পষ্ট ঘোষণা ও সার্কুলার জারির পরও সাংবাদিকদের এরকম হয়রানি দুঃখজনক।
নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের স্বার্থে উদ্ভূত পরিস্থিতি অবসানে অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এসকে/১৯০১ ঘ.
bdnews24