ঢাকা,আগস্ট ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--কারফিউর মধ্যে রাজধানী ঢাকাসহ ৬ বিভাগীয় শহরে জনজীবন থেমে গেছে। সরকারি-আধা সরকারি-স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান-আদালত বৃহস্পতিবার সরকার একদিনের জন্য বন্ধ ঘোষণা করে। ঢাকার সড়কগুলোতে সেনা লরিসহ আইন শৃঙ্খলা সংস্থার যানবাহন টহল দিচ্ছে।
বিকেল ৪টা থেকে ৭ টা পর্যন্ত কারফিউ শিথিল করা হলে মানুষের ভিড় রাস্তায় কিছুটা বাড়ে। কিন্তু রাস্তায় গাড়ি নামেনি বললেই চলে।
বুধবার রাত ৮টায় কারফিউ শুরু হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে অনেক ছাত্র-ছাত্রী আটকা পড়ে যায়। তাদের অনেকে রাতে হলে অবস্থান করেছে।
বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান(র্যাব) সদস্যদের গাড়ি টহল দিচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে।
অনির্দিষ্টকালের জন্য কারফিউ হওয়ায় সকাল থেকে গুলিস্তান,মালিবাগ,রামপুরা, ধানমন্ডি, মিরপুর, মহাখালী, পুরান ঢাকাসহ বিভিন্ন সড়ক ও সড়ক মোড়ে মোড়ে মানুষ-জন জড়ো হয়। অসংখ্য মানুষ পায়ে হেঁটে নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন। দুপুরে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের মাইকিং করে নগরবাসীদের রাস্তা হাঁটা চলা না করার অনুরোধ জানাতে দেখা যায়।
সেনা, র্যাব ও পুলিস সদস্যদের কারফিউ ভঙ্গ করার জন্য পথচারি ও রিকশাচালকদের লাঠিপেটা করতে দেখা গেছে। সাংবাদিকদের বহনকারী গাড়িও অনেক জায়গায় আটকে হয়রানি করা হয়।
রাজধানীর কাঁচা বাজারগুলো খোলা রয়েছে। বাজার থেকে মানুষজন চাল,ডাল,আলু ও পেঁয়াজের মতো প্রয়োজনীয় দ্রব্য বেশি করে কিনছেন।
পুরান ঢাকায় আদালত এলাকাও দিনভর ছিল জনশূন্য। জেলা ও মহানগর মুখ্য আদালত বন্ধ ঘোষণা করায় আদালতে আইনজীবীদের উপস্থিতি ছিল কম। মুখ্য হাকিম আদালতের জরুরী মামলাগুলোর নিষ্পত্তির জন্য মহানগর হাকিম সাহেদ কবিরের আদালত সকালে খোলা ছিল। আমাদের আদালত প্রতিবেদক প্রকাশ চন্দ্র বিশ্বাস জানান, আদালত এলাকার বাইরে পুলিশ ও র্যাবের টহল রয়েছে।
সকাল থেকেই উত্তরার ভেতরে লোকজন চলাফেরা করেছে। বিভিন্ন সেক্টরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান ও কাঁচা বাজারে এলাকাবাসীকে কেনাকাটা করতে দেখা গেছে। তবে, কেউই প্রধান সড়কে যায়নি। পুলিশ এলাকাবাসীকে প্রধান সড়কে না গিয়ে ভেতরের রাস্তায় চলাফেরা করতে অনুরোধ করছে। বিমানবন্দরের সামনে সেনাবাহিনী অবস্থান নেয়। তারা প্রতিটি যানবাহন থামিয়েই পরিচয় নিশ্চিত হয়ে ছাড়ছিলো। বিমানযাত্রীরা গাড়িতে 'বিদেশ যাত্রী' লেখা কাগজ লাগিয়ে বিমানবন্দর থেকে যাতায়াত করেছেন।
এদিকে, উল্লেখযোগ্যসংখ্যক নগরবাসীকে হেটে কর্মস্থলে বা বাড়ি ফিরতে দেখা গেছে। বনানী ও গুলশান এলাকার ভেতরে রিকশা চলেছে।
এছাড়া, পান্থপথ,বিশ্বরোড মোড় ও বিজয় সরণির পুর্ব পাশেও সেনাবাহিনীর সদস্যদের টহল ছিল।
গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ঘটনার সূত্র ধরে গত দুইদিনে রাজধানীতে সহিংস ঘটনায় উত্তেজিত ছাত্র-জনতা কয়েক শ গাড়ি ভাংচুর,অগ্নিসংযোগ ও সম্পত্তির ক্ষতি করে।
এ পরিস্থিতির প্রেক্ষাপটে তত্ত্বাবধায়ক সরকার বুধবার রাত ৮টা থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত ৬ বিভাগীয় শহরে কারফিউ জারি করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউএম/ পিবি/এসকে/১৩২৪ ঘ.
bdnews24