ঢাকা, ২২ আগস্ট(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম )-- প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমেদ বুধবার রাতে জাতির উদ্দেশে এক বেতার ও টিভি ভাষণে ভাষণে সান্ধ্য আইন জারির প্রেক্ষাপট ব্যাখা করেন।
প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেন, বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ছাত্রদের ক্ষোভ প্রশমনের জন্য তাদের দাবি মেনে নিয়ে সেনা ক্যাম্প তুলে নেয়া হলেও 'কিছু অপশক্তি ও সুযোগ সন্ধানী লোক' বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে ব্যবহার করে বিশৃংখলা সৃষ্টি করে।
তিনি বলেন, উদ্ভূত পরিস্থিতিতে জনগণের জানমাল রক্ষা ও বেআইনী তৎপরতা বন্ধে সরকার সান্ধ্য আইন জারিসহ কিছু ব্যবস্থা নিয়েছে।
প্রধান উপদেষ্টা বলেন, সরকারের গৃহীত এ ব্যবস্থা সাময়িক এবং অবস্থার উন্নতি হলেই তা প্রত্যাহার করে নেওয়া হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, শান্তি শৃংখলা ও অগ্রগতির ধারা বজায় রাখতে জনগণ এ ব্যাপারে সরকারকে সহযোগিতা করবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসকে/২২১৩ ঘ.
bdnews24