ঢাকা, আগস্ট ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিক্ষোভ রাজধানী ছাড়িয়ে বুধবার ছড়িয়ে পড়ে সারা দেশে। বিভিন্ন স্থানে তা সংঘাত ও সহিংসতায় রূপ নেয়। বিশ্ববিদ্যালয়গুলোসহ জেলায় জেলায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
এদিকে বুধবার সন্ধ্যায় বিভাগীয় শহরগুলোতে সান্ধ্য আইন ও বিশ্ববিদ্যালয় বন্ধের সরকারি ঘোষণার পর চিত্র কিছুটা পাল্টে যায়। সান্ধ্য আইনের মধ্যে হল ছাড়ার নির্দেশে শিক্ষার্থীরা ঘরে ফেরা নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
এর আগে সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র-পুলিশ সংঘর্ষের সময় পুলিশের গুলিতে এক রিকশাচালক নিহত হন। সংঘর্ষ হয় চট্টগ্রাম ও ইসলামি বিশ্ববিদ্যালয়েও। সাভারে ঢাকা-আরিচা সড়ক বন্ধ করে দেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া খুলনা বিএল কলেজ, বরিশাল বিএম কলেজ, পাবনা এডওয়ার্ড কলেজ, বগুড়া সরকারি আযিযুল হক কলেজ, গোপালগঞ্জ কলেজেও সংঘর্ষ হয়েছে।
স্বতঃস্ফূর্ত ধর্মঘটে দেশের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানেই শিক্ষা কার্যক্রম বুধবার ছিল বন্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতির পাশাপাশি বিভিন্ন ক্যাম্পাস থেকে পুলিশ প্রত্যাহার এবং দেশ থেকে জরুরি অবস্থা তুলে নেওয়ার দাবিও করছে বিক্ষোভরত শিক্ষার্থীরা।
রাজশাহী থেকে আমাদের প্রতিনিধি এসএম আব্বাস ও রাবি প্রতিনিধি ইসমাইল হোসেন জানান, ক্যাম্পাসে ছাত্র-পুলিশ সংঘর্ষ চলাকালে সকালে পুলিশের গুলিতে একজন রিকশা চালক নিহত ও কমপক্ষে শতাধিক আহত হন। নিহত রিকশাচালকের নাম আনোয়ার আলী(৩৫)। তার বাসা ক্যাম্পাস সংলগ্ন দাশমারী গ্রামে। বুধবার সকাল থেকেই শুরু হওয়া সংঘর্ষে পুরো ক্যাম্পাস রণক্ষেত্রে রূপ নেয়। বিক্ষুব্ধ ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের দুটি বাস পুড়িয়ে দেয় এবং আরও ছয়টি বাস ভাংচুর করে।
সকালেই ছাত্ররা ক্যাম্পাসে মিছিল বের করে। সকাল সাড়ে ৮টার দিকে শহীদুল্ল
bdnews24