ঢাকা,আগস্ট ২২(বিডিনিউজ টুয়েনিস্টফোর ডটকম)- রাজধানীসহ সারাদেশে চলমান ছাত্র-জনতা বিক্ষোভের পরিপ্রেক্ষিতে
ঢাকাসহ ৬ বিভাগীয় শহরে কারফিউ জারি করা হয়েছে।
রাত ৮টা থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ কারফিউ বলবৎ থাকবে।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের একজন উর্দ্ধতন কর্মকর্তা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, উদ্ধূত পরিস্থিতির বিবেচনায় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। উচ্চপর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
খুব শিগগিরই এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসছে।
দেশের সব বিশ্ববিদ্যালয় পরবর্তী নিদেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া বিভাগীয় শহর এলাকায় সকল কলেজও পরবর্তী নিদেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।
বুধবার রাত ৮ টার মধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের হল ছাড়ার জন্য ছাত্রদের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে এক তথ্য বিবরণীতে 'উচ্ছৃংখলা' থেকে বিরত থাকার জন্য সবাইকে সাবধান করে দিয়ে সরকার বলেছিল, 'জনস্বার্থবিরোধী তৎপরতা' চলতে থাকলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
(আরো তথ্যসহ ১)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনার জের ধরে বুধবার সকাল থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশের বহু শিক্ষা প্রতিষ্ঠান ও রাজপথে ছাত্রদের বিক্ষোভ মিছিল, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এক চরম অচলাবস্থা সৃষ্টি হয়।
রাজধানী ঢাকার নাগরিক জীবন অচল হয়ে পড়ে। পুলিশ ও বিক্ষুব্ধ ছাত্রদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, পুরান ঢাকা, মীরপুর রোড ,ধানমন্ডি, মোহাম্মদপুর, মীরপুর ,মহাখালী ও মালিবাগসহ বিভিন্ন এলাকার রাজপথ রণক্ষেত্রে পরিণত হয়। এসব ঘটনায় কয়েকশ ছাত্র-জনতা আহত হয়। অসংখ্য গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের মুখে পড়ে।
পুলিশের রাবার বুলেটে রাজধানীর বিভিন্ন স্থানে ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাছে ৪ জন ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কাছে ৬ জন আহত হয়েছে। এরা হচ্ছেন, সেলিম(২২),আসলাম(২২),বিল্লাল(১৩),নীলয় সরকার(২৩), আনোয়ার(৪০),ইমন(২৪) সোহান(২৫), শাহিন (১৮) ,হারুন(২৪) ও পিয়া (১৮) পথচারি।
সকাল ১০টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক ও অনাবাসিক ছাত্ররা কলা ভবনের সামনে মিছিল নিয়ে জড়ো হয়। এরপর তারা কাটাবন,নীলক্ষেত, মীরপুর সড়ক, আজিমপুর ইডেন কলেজ এলাকার সড়কগুলোতে মিছিল করে গাড়ি ভাঙচুর করে। ফলে এসব এলাকার দোকান পাট ও যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষুব্ধ ছাত্ররা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকল নিক্ষেপ করলে দফায় দফায় সংর্ঘষ চলে। এসব এলাকায় বিক্ষুব্ধ ছাত্ররা যানবাহনে আগুনও ধরিয়ে দেয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ডাকা ধর্মঘটে সকাল থেকে পুরান ঢাকা উত্তপ্ত হয়ে উঠে। সকাল সাড়ে ১০টা থেকে ছাত্রদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংর্ঘষ হয়। বিক্ষুব্ধ ছাত্ররা বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখা, পুলিশ ক্লাব ও মহানগর মুখ্য আদালতের পুরাতন ভবনে ইটপাটকেল নিক্ষেপ করে জানালার কাঁচ ভাঙচুর করে। তারা সদরঘাট পুলিশ বক্সেও হামলা চালায়। একই সঙ্গে তারা নয়াবাজারের মোড়ে পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয়।
এসব ঘটনায় পুলিশের সঙ্গে ছাত্রদের দিনভর থেমে থেমে সংঘর্ষ হয়। পুরান ঢাকায় ছাত্রদের সঙ্গে সাধারণ মানুষজন অংশ নেয়। লাঠি-সোঁটা হাতে তারা দুই শতাধিক গাড়ি ভাঙচুর করে। বিদ্যুৎ বিভাগের অফিসেও হামলা চালায়। বিক্ষুব্ধ ছাত্ররা অফিস প্রাঙ্গনে ৫টি সরকারি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
সদরঘাট থেকে নয়াবাজার নর্থসাউথ সড়ক পুরোটা রণক্ষেত্রে পরিণত হয়। সড়কে অসংখ্য ইটের টুকরো পড়ে থাকতে দেখা গেছে। রায়সাহেব বাজারের কাছেও ছাত্ররা একটি যাত্রীবাহী মিনি বাসে আগুন ধরিয়ে দেয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও কাজী নজরুল ইসলাম কলেজে বুধবার কোনো ক্লাস ও পরীক্ষা হয়নি। সকাল সাড়ে ১১টায় ছাত্ররা সদরঘাট বাংলাদেশ ব্যাংকের কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। তারা ব্যাংকের সাইনবোর্ড ভেঙে ফেলে।
ব্যাংকের পাশে পুলিশ বক্সের মধ্যে ছাত্ররা হামলা চালায়। এতে পুলিশের গাড়ি চালক সোহাগ ও এএসআই মঞ্জুৃরুল ইসলাম ইটের আঘাতে আহত হয়। দুপুর সাড়ে ১১টা থেকে সদরঘাট, তাঁতীবাজার, আদালত, নয়াবাজার সড়ক ছাত্ররা দখল করে নেয়। ফলে এই এলাকার সকল দোকানপাট বন্ধ হয়ে যায়। বিক্ষুব্ধ ছাত্ররা পুরনো টায়ারে আগুন ধরিয়ে সড়কগুলো অবরুদ্ধ করে রাখে।
আমাদের আদালত প্রতিবেদক প্রকাশ চন্দ্র বিশ্বাস ঘটনাস্থল থেকে জানান, সকাল সাড়ে ১১টা থেকে আদালতে প্রাঙ্গনে পুলিশ ও ছাত্রদের সংঘর্ষ হয়। পুলিশ আদালত প্রাঙ্গনেও লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে।
বিক্ষুব্ধ ছাত্ররা গাড়ি ভাংচুর করেছে। মুখ্য মহানগর হাকিম আদালতের পুরান ভবনে জানালার কাঁচগুলো ছাত্রদের ইটের আঘাতে ভেঙে গেছে। আদালতের বিচার কাজ সাময়িকভাবে বন্ধ আছে। তিনি আরো জানান, বুধবার কারাগার থেকে আসামীদের নিয়ে কোনো প্রিজন ভ্যান আসেনি। দুপুর আড়াইটায় আদালতের আইনজীবীরা একটি মিছিল বের করে।
মিটফোর্ড মেডিকেল কলেজেও ছাত্ররা ক্লাস বর্জন করে। এখানেও কয়েকটি গাড়িতে ছাত্ররা আগুন ধরিয়ে দেয়।
মহখালী বুধবার সকাল থেকে শুরু হওয়া ছাত্র-পুলিশ সংঘর্ষে পুরো এলাকা অবরুদ্ধ হয়ে পড়ে। মহাখালী ও এর আশপাশের সড়কগুলোতে সৃষ্টি হয়েছে চরম যানজট। বিক্ষুব্ধ ছাত্রদের ছত্রভঙ্গ করতে পুলিশ তিতুমির কলেজ ক্যাম্পাসে ঢুকে ছাত্রদের ব্যাপক লাঠিপেটা করেছে। কলেজের বিক্ষুব্ধ ছাত্ররা স্কয়ার ভবনের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। পরে সাধারণ জনগণও তাদের সঙ্গে যোগ দেয়। এতে মহাখালী থেকে গুলশান-এক এলাকা স্পষ্টতই অবরুদ্ধ হয়ে পড়ে। ছাত্ররা মহাখালী স্কয়ার ভবনেরও ইটপাটকেল নিক্ষেপ করে। ভাংচুর করে ভবনটির জানালার কাঁচ। পুলিশ ও ছাত্র দফায় দফায় সংঘর্ষে দেখা দেয় চরম যানজট। মূল সড়কের সামনের বিভিন্ন অফিস বন্ধ করে দেওয়া হয়। এ সময় ভবনটি মূল ফটক বন্ধ করে দিলে ছাত্ররা সেটি ভেঙ্গে ভেতরে ঢুকতে চেষ্টা করে।
বেলা সাড়ে ১২টার দিকে পুলিশ বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করতে তিতুমির কলেজ ক্যাম্পাসে ঢুকে ছাত্রদের লাঠিপেটা করতে থাকে। এ সময় ছাত্ররা মূল ভবনে চলে গেলেও পুলিশ সেখানে ঢুকে তাদের লাঠিপেটা করে। প্রায় ১৫ মিনিট পুলিশি লাঠিপেটার পর ছাত্ররা পুনরায় সংগঠিত হয়ে পুলিশকে ধাওয়া করে ক্যাম্পাস থেকে বের করে দেয়। এ সময় ছাত্ররা ক্যাম্পাস থেকে বের হয়ে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনেও মূল সড়কে পুলিশ ব্যারিকেড দিয়েছে। ওই এলাকায় বিপুল সংখ্যক সেনা সদস্য ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
কমালাপুরে বাস স্ট্যান্ডের কাছে ছাত্ররা বিআরসিটিসির একটি দোতলা বাস ও একটি প্রাইভেট কারে আগুন ধরিয়ে দেয়।
দুপুরের পর মীরপুর বাংলা কলেজের ছাত্ররা সড়ক অবরোধ করে রাখে। এখানে তারা কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। ছাত্রদের সঙ্গে পুলিশেওর দফায় দফায় সংর্ষষ হয়।
কাকরাইল, মালিবাগ,রামপুরা সড়কেও ছাত্র-জনতা দুপুরে কয়েকটি গাড়ি ভাংচুর করে। মালিবাগে হাবিবুল্লাহ বাহার ও আবু গিফারী কলেজের ছাত্ররা সড়কে এসে বিক্ষোভ করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/প্রতিনিধি/এলএইচ/বিআর/এআরএইচ/
bdnews24