২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে ইস্পাত কারখানায় বয়লার বিস্ফোরণে চার শ্রমিক নিহত

সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারিতে বুধবার ভোরে একটি স্টিল রি-রোলিং কারখানায় বয়লার বিস্ফোরণে চার জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। নিহত চারজন শ্রমিকই কারখানাটিতে রাতের পালায় কাজ করছিলেন। তারা হলেন স্থানীয় ভানুর বাজারের মো. নাছির (১৭), গাজীপুরের মো. সুমন (২২), ফেনীর সোনাগাজীর কালাম (৫২) ও সন্দ্বীপের সোহরাব (৩২)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2007, 09:13 AM

Updated : 26 Aug 2022, 08:29 PM

চট্টগ্রাম, আগস্ট ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারিতে বুধবার ভোরে একটি স্টিল রি-রোলিং কারখানায় বয়লার বিস্ফোরণে চার জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। নিহত চারজন শ্রমিকই কারখানাটিতে রাতের পালায় কাজ করছিলেন। তারা হলেন স্থানীয় ভানুর বাজারের মো. নাছির (১৭), গাজীপুরের মো. সুমন (২২), ফেনীর সোনাগাজীর কালাম (৫২) ও সন্দ্বীপের সোহরাব (৩২)। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ভানুর বাজারের সীমা অটো রোলিং মিলের তিনটি লোহা গলানোর বয়লার একযোগে বিস্ফোরিত হলে এ হতাহতের ঘটনা ঘটে। বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ, স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, কারখানাটির লোহা গলানোর একটি বয়লারে সকাল সোয়া ৬টার দিকে বিস্ফোরণ ঘটে। এরপরই ওই বয়লারের পাশের আরও দুটি বয়লার বিস্ফোরিত হয়। বিস্ফোরণে কারখানার উপরের টিন উড়ে যায় এবং সেখানে থাকা লোহা ও অন্যান্য সরঞ্জাম ছিটকে দূরে গিয়ে পড়ে। বিস্ফোরণে নিহত চারজনের কারও হাত, কারও বা পা এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ছড়িয়ে ছিন্ন ভিন্ন হয়ে যায়। এ ছাড়া আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক। সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আব্দুস সালাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লোহা গলানোর বয়লারগুলোতে স্ক্যাপ লোহার টুকরো না গলে তা বিস্ফোরিত হয়েছে। উচ্চ তাপমাত্রার এসব বয়লারে সামান্য এদিক ওদিক হলেই বিস্ফোরণ ঘটে। এ কারণে একটির বিস্ফোরণের পর পাশাপাশি অবস্থিত বাকি তিনটি বয়লারেও বিস্ফোরণ ঘটে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এএল/এমআই/১৩১৬ ঘ.