ঢাকা বিশ্ববিদ্যালয়, আগস্ট ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় সেনাপ্রধান মইন উ আহমেদের প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়াসহ পাঁচ দফা দাবি দিয়েছে সাধারণ ছাত্রছাত্রীরা।
মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সাধারণ শিক্ষার্থীরা এই দাবি জানান। তারা বলেছেন, দাবি না মানা হলে সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে লাগাতার ধর্মঘট চলবে।
পাঁচ দফার প্রথম দফায় বলা হয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে সংঘর্ষে জড়িত সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং সেনাপ্রধান মইন উ আহমেদকে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
দ্বিতীয় দাবি হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে অবিলম্বে সেনা ও পুলিশ ক্যাম্প প্রত্যাহার করে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে।
তৃতীয়, আন্দোলনে গ্রেপ্তারকৃতদের অবিলম্বে মুক্তি দিতে হবে এবং সকল প্রকাল হয়রানি থেকে বিরত থাকতে হবে।
চতুর্থ, আন্দোলনে আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা ও ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।
এবং পঞ্চম হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানসহ সারাদেশে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে।
সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবিগুলো পাঠ করেন আফসান, রাকিব ও অমিত।
আফসান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, আমাদের পাঁচ দফা দাবি না মানা হলে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে লাগাতার ধর্মঘট চলবে। বুধবার সকাল ১০টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করবে।
ছাত্র সংগ্রাম পরিষদ নেতা ও বাংলাদেশ ছাত্র মৈত্রীর সভাপতি রফিকুল ইসলাম সুজন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাবি না মানা পর্যন্ত অনির্দিষ্টকাল ধর্মঘট চলবে।
অন্যদিকে বাংলাদেশ ছাত্রলীগ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সব কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করে বলেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উপর ন্যাক্কারজনক সেনা ও পুলিশি হামলার প্রতিবাদ এবং অবিলম্বে সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে সেনাবাহিনী ও পুলিশ প্রত্যাহারের দাবিতে বুধবার সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট চলবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিও বিকেল ৪টার সাধারণ সভায় বুধবার বেলা ১২ টার মধ্যে সেনা ক্যাম্প প্রত্যাহারের দাবি জানিয়েছে।
সমিতির সদস্য অধ্যাপক আখতারুজ্জামান বৈঠক শেষে বলেন, তারা ছাত্রদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এমএইচবি/১৯০৯ ঘ.
bdnews24