ঢাকা, আগস্ট ২১ (বিডিনিউজট টুয়েন্টিফোর ডটকম)- দেশে নতুন করে বন্যার আশঙ্কা করছে না আবহাওয়া পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। কেন্দ্রের নিয়মিত বুলেটিনে মঙ্গলবার জানানো হয়, ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকার নদীগুলোর পানি কমতে শুরু করায় নতুন করে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় বন্যা পরিস্থিতির বেশ উন্নতি হয়েছে। বেশিরভাগ নদনদীর পানি কমেছে। তবে এখনও আটটি পয়েন্টে সাতটি নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে বইছে।
এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের বরাত দিয়ে তথ্য অধিদপ্তর জানিয়েছে এ পর্যন্ত বন্যায় ৬১৫ জন প্রাণ হারিয়েছেন।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা সহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, "সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতির পথে। নতুন করে কোনো এলাকা প্লাবিত হওয়ারও সম্ভাবনা নেই। ৬৩ পয়েন্টের মধ্যে আটটি পয়েন্টে পানি বেড়েছে আর কমেছে ৫০টি পয়েন্টে।"
বহ্মপুত্র অববাহিকায় আরিচা পয়েন্টে যমুনা নদীর পানি কিছুটা কমে এখন বিপদ সীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া টঙ্গী পয়েন্টে টঙ্গী খাল, রিকাবীবাজার পয়েন্টে ধলেশ্বরী নদীর পানি ৯ ও ২০ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।
গঙ্গা অববাহিকার নদনদীগুলোর মধ্যে পাঙ্খা পয়েন্টে গঙ্গার পানি ছয় সেন্টিমিটার বেড়ে বিপদ সীমার দুই সেন্টিমিটার ওপরে রয়েছে। গোয়ালন্দ ও ভাগ্যকুল পয়েন্টে পদ্মার পানি রয়েছে ৩৫ ও ২৭ সেন্টিমিটার ওপরে। ঝিকরগাছা পয়েন্টে কপোতাক্ষ নদীর পানি বিপদ সীমার ৫২ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।
মেঘনা অববাহিকায় গত ২৪ ঘণ্টায় সবগুলো নদীর পানি অব্যাহতভাবে কমেছে। তবে ভৈরব বাজার পয়েন্টে মেঘনা নদীর পানি বিপদ সীমার দুই সেন্টিমিটার ওপরে রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএল/এসএনডি/১৬৫২ ঘ.
bdnews24