ঢাকা, ২০ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ঢাকা বিশ্ববিদ্যালয়ে সোমবার রাতে পরিস্থিতি শান্ত করার জন্য এক সেনা কর্মকর্তা শিক্ষকের পরিচয় দিয়ে ছাত্রদের সঙ্গে কথা বলতে গিয়ে ধাওয়ার মুখে পড়েন। ছাত্ররা তাকে লাঞ্ছিত করে এবং তার এক নিরাপত্তারক্ষীর মাথা ফাটিয়ে দেয়। প্রত্যক্ষদর্শীরা এই তথ্য জানিয়েছেন।
ওই সেনা কর্মকর্তা রাত পৌনে ১২টার দিকে ক্যাম্পাসে আসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে সঙ্গে নিয়ে ছাত্রদের সঙ্গে কথা বলতে যান। উপাচার্যের বাসভবন এবং টিচার্স ক্লাবের মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে তিনি ছাত্রদের সঙ্গে কথা বলার সময় নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিচয় দেন।
কিন্তু কথা বলার এক পর্যায়ে ছাত্ররা ব্রিগেডিয়ার জেনারেল পদের সেনাকর্মকর্তাটিকে চিনে ফেলে আরও উত্তেজিত হয়ে ওঠে। তারা তার সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানায় এবং মিথ্যা পরিচয় দেওয়ার জন্য তাকে গালিগালাজ করতে থাকে।
এই পরিস্থিতিতে ওই সেনা কর্মকর্তা দৌড়ে পালিয়ে যেতে থাকলে ছাত্ররা ধাওয়া করে তাকে লাঞ্ছিত করে। তিনি কোনওক্রমে উপচার্যের বাসার সামনে গিয়ে একটি মটর সাইকেলে উঠে ক্যাম্পাস ত্যাগ করেন।
ছাত্রদের ধাওয়ার মুখে সেনাকর্মকর্তাকে রক্ষায় তার এক নিরাপত্তারক্ষী এগিয়ে এলে ছাত্ররা তাকে মেরে মাথা ফাটিয়ে দেয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম /এএইচডি-ইএইচবি/এমএইচবি/০২১৬ ঘ.
bdnews24