ঢাকা বিশ্ববিদ্যালয়, আগস্ট ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সেনাবাহিনীর 'চিফ অব জেনারেল স্টাফ' মেজর জেনারেল সিনা ইবনে জামালি গত সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রদের দেখতে গিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের ঘটনায় কোন সেনাসদস্য দোষী প্রমানিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
হাসপাতালের ৩২ নং ওয়ার্ডে চিকিৎসাধীন ছাত্রদের সোমবার রাত সাড়ে ১০টায় দেখতে আসেন মেজর জেনারেল সিনা ইবনে জামালি। তিনি আহত ছাত্রদের খোঁজখবর নিতে গেলে ছাত্ররা তাকে রুম থেকে বের হয়ে যেতে বলেন। ছাত্রদের প্রতিবাদের মুখে ইবনে জামালি ১০ মিনিট পর ওয়ার্ড থেকে বের হয়ে যান।
ছাত্ররা ইবনে জামালিকে বলেন, আমরা ক্যাম্পাসকে ক্যান্টনমেন্ট হিসেবে দেখতে চাই না।
ওয়ার্ড থেকে বের হয়ে ইবনে জামালি বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া পরিস্থিতি সম্পর্কে সাংবাদিকদের বলেন, "আমরা বিষয়টি দেখছি। আমাদের কেউ দোষী হলে তার বিরুদ্ধে সামরিক আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
তিনি বলেন, এখানে (ঢাকা মেডিকেলে) কারও উন্নত চিকিৎসা না হলে তাকে আমরা সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করব।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমএআর/এমএইচবি/০০৩০ ঘ.
bdnews24