ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) শহুদুল হক বলেছেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্য থাকলে ২১ আগস্ট ট্রাক মঞ্চের নিচে শুধু একটি গ্রেনেড মারাই যথেষ্ট ছিল। প্রকৃতপক্ষে ওই হামলা হয়েছিল তৎকালীন সরকারকে বেকায়দায় ফেলার জন্য।
সোমবার দুপুরে ঢাকার সেন্ট্রাল রোডের এক কার্যালয়ে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
২০০৪ সালে ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার সময় পুলিশের মহাপরিদর্শক ছিলেন শহুদুল হক। প্রাথমিক তদন্তগুলো তিনি খুব কাছ থেকে দেখেছেন।
সাবেক আইজিপি বলেন, "যে ট্রাকের ওপর মঞ্চ বানানো হয়েছিল তার নিচের তেলের ট্যাংক লক্ষ করে একটি গ্রেনেড মারলেই মঞ্চে থাকা সব নেতার মৃত্যু হতো। এর জন্য এতগুলো গ্রেনেড ছোড়ার প্রয়োজন নেই।"
তিনি দাবি করেন, "আতঙ্ক সৃষ্টি এবং তৎকালীন সরকারকে বেকায়দায় ফেলার জন্যই এই হামলা চালানো হয়েছে।"
এ ঘটনার জন্য পুলিশের ব্যর্থতা বলে স্বীকার করে শহুদুল হক বলেন, "ফুল প্র"ফ সিকিউরিটি বলে কিছু নেই। আর কেউ যদি আত্মঘাতী হয়ে থাকে সেক্ষেত্রে কোনো নিরাপত্তাই কাজে আসে না। বিশ্বের বিভিন্ন ঘটনায় এর অনেক প্রমাণ রয়েছে।"
বিএনপি-জামাত জোট সরকার এই মামলায় প্রভাব খাটিয়েছিল কি-না এমন প্রশ্নের জবাবে 'বিষয়টি জানেন না' বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, "তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মামলার তদন্ত কর্মকর্তার সরাসরি কথা হতো। ফলে অনেক কিছুই আমি জানতাম না।"
২১ আগষ্ট মামলার তদন্তে প্রথম দিকে শীর্ষ সন্ত্রাসীদের নাম এলেও এখন জঙ্গিদের সম্পৃক্ততার প্রমাণ পাচ্ছে সিআইডি। এ সম্পর্কে শহুদুল হক বলেন, "কোনো ঘটনার তদন্তের মোড় যে কোনো সময় পরিবর্তন হতে পারে।"
তিনি বলেন, "যে কোনো মামলার তদন্তকারী কর্মকর্তাকে পুরোপুরি স্বাধীনতা দিতে হবে। তা না হলে তিনি ভাল কাজ করতে পারবেন না।"
তার উদ্যোগে ইন্টারপোল, এফবিআই হামলার তদন্ত করতে এলেও শেষ পর্যন্ত তারা কী করেছে তা জানতে পারেননি বলেও দাবি করেন শহুদুল হক।
তিনি বলেন, "জনসভার কর্মসূচিটি মুক্তাঙ্গনে হওয়ার কথা ছিল। কিন্তু পরে হঠাৎ করে বঙ্গবন্ধু এভিনিউতে এটি আয়োজন করা হলেও সেখানে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা ছিল।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/টিএইচ/এসএনডি/২৩০৯ ঘ.
bdnews24