ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - কর ও শুল্ক ফাঁকির দুটি অভিযোগে বসুন্ধরা গ্র"পের ব্যবস্থাপনা পরিচালক আকবর সোবাহান (শাহ আলম), বিএনপির সাবেক সাংসদ হারুন অর রশিদ, এনটিভির ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান বাপ্পিসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।
সাংসদ কোটায় আমদানি করা শুল্কমুক্ত গাড়ি বেচাকেনার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় হারুন অর রশিদ ও এনায়েতুর রহমানসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। সোমবার দুপুরে বিশেষ জজ আদালত- ৪ এর বিচারক সামসুন্নাহার বেগম আদালত আগামী ২৭ আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
মামলার এক আসামি 'স্কাই অটোস' এর মালিক ইশতিয়াক সাদেক জামিনে থাকলেও বাকি দুজন কারাগারে আছেন।
মামলার অভিযোগে বলা হয়, হারুন অর রশিদ সাংসদ কোটায় আমদানি করা শুল্কমুক্ত গাড়ি এনে তা এনায়েতুর রহমান বাপ্পির কাছে বিক্রি করে দেন। বেচাকেনায় মধ্যস্থতা করেন ইশতিয়াক সাদেক। এতে সরকার বিপুল শুল্ক থেকে বঞ্চিত হয়।
এদিকে, বসুন্ধরা ইন্ড্রাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আকবর সোবহান, পরিচালক- আফরোজ সোবাহান, সাদাত হোসেন, সাফায়েত হোসেন, নাঈম সোবাহান ও উপ-ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান ও অডিট ফার্ম কুদ্দুস অ্যান্ড কোং এর পরিচালক এস এম কুদ্দুসের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে বিশেষ জজ আদালত- ৩ এর বিচারক শাহেদ নুরউদ্দিন অভিযোগ গঠন করেন।
আদালত আগামী ২৬ আগস্ট এ মামলার সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, মোস্তাফিজুর রহমান ছাড়া এ মামলার অন্য আসামিরা পলাতক রয়েছেন।
২৫ জুলাই জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপ-কর কমিশনার কবির উদ্দিন মোল্লা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় অভিযোগ করা হয়, বসুন্ধরা ইন্ড্রাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড এর অভিযুক্তরা ২০০০-০১ করবর্ষ থেকে ২০০৬-০৭ করবর্ষ পর্যন্ত মোট আট কোটি ২৬ লাখ ৯০ হাজার ৩৮৩ টাকার কর ফাঁকি দিয়েছেন। অন্য আসামি এস এম কুদ্দুস নিরীক্ষক হিসেবে কোম্পানির প্রকৃত আয় গোপন করে দুই ধরনের প্রতিবেদন তৈরির মাধ্যমে কর ফাঁকিতে সহায়তা করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/টিএইচ/এসএনডি/২২২৬ ঘ.
bdnews24