২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ আগস্টের হামলার সঙ্গে জঙ্গি-সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে সিআইডি

২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার সঙ্গে জঙ্গি গোষ্ঠী বা মুফতি হান্নানের কোন সম্পর্ক রয়েছে কিনা তা খতিয়ে দেখছে সিআইডি। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জঙ্গি গোষ্ঠীর তৎপরতার ব্যাপারে বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2007, 03:47 PM

Updated : 26 Aug 2022, 08:29 PM

ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার সঙ্গে জঙ্গি গোষ্ঠী বা মুফতি হান্নানের কোন সম্পর্ক রয়েছে কিনা তা খতিয়ে দেখছে সিআইডি। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জঙ্গি গোষ্ঠীর তৎপরতার ব্যাপারে বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। ২১ আগস্টের গ্রেনেড হামলার তদন্তের অগ্রগতি পর্যালোচনার জন্য সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভাশেষে স্বরাষ্ট্র সচিব আবদুল করিম সাংবাদিকদের একথা জানান। এছাড়াও সোমবার মন্ত্রণালয়ে দেশের বিভিন্ন চাঞ্চল্যকর মামলা মনিটরিং সেলের এক সভা অনুষ্ঠিত হয়। দুটি সভাতেই সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র সচিব আবদুল করিম। পুলিশের আইজিপি নূর মোহাম্মদ, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার, সিআইডি'র অতিরিক্ত মহাপরিদর্শক ফণীভূষণ মজুমদারসহ মন্ত্রণালয় ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন। সভা শেষে সচিব আবদুল করিম সাংবাদিকদের জানান, গ্রেনেড হামলার তদন্তে বেশ কিছুটা অগ্রগতি হয়েছে। তবে তদন্তকারী কর্তৃপক্ষ তাদের কাছে থাকা বিভিন্ন তথ্য ও প্রমাণের ভিত্তিতে এ ঘটনার সঙ্গে কোনো জঙ্গি গোষ্ঠী বা জঙ্গি তৎপরতার অভিযোগে গ্রেপ্তার মুফতি হান্নানের কোন সম্পর্ক রয়েছে কিনা তা খতিয়ে দেখছে। মামলার তদন্তে দীর্ঘসূত্রতার কারণে প্রকৃত অপরাধীরা পার পেয়ে যাবে কিনা এ প্রশ্নের জবাবে সচিব বলেন, "এ মামলায় ইতোমধ্যে গ্রেপ্তার হওয়া জজ মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এছাড়াও বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে মামলার তদন্ত এগিয়ে চলেছে। অবশ্যই সত্যের জয় হবে।" জজ মিয়ার মাকে টাকার বিনিময়ে স্বাক্ষ্য দিতে বাধ্য করার পর টাকা না দেয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, মন্ত্রণালয় ও মনিটরিং সেল শুধুমাত্র মামলার অগ্রগতির বিষয়টিই দেখছে। কাউকে বাদ দেয়া বা না দেয়ার বিষয়টি মন্ত্রণালয় দেখে না । এ ব্যাপারে মন্ত্রণালয়ের কোন চাপও নেই। সচিব আবদুল করিম জানান, জঙ্গিবিরোধী তৎপরতা সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির জন্য সরকারের পক্ষ থেকে নেয়া কার্যক্রম আবারো শুরু করা হচ্ছে। মাঝে বিভিন্ন কারণে তা কিছুদিনের জন্য বন্ধ ছিল। স্বরাষ্ট্র, তথ্য, ধর্ম, শিক্ষা, সমাজকল্যাণ ও স্থানীয় সরকার মন্ত্রণালয় এখন এ ব্যাপারে প্রচারণা কৌশল নির্ধারণে কাজ করছে। শিগগিরই আন্ত:মন্ত্রণালয় বৈঠক করে এ ব্যাপারে একটি সিদ্ধান্ত নেয়া হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২১৪৫ঘ.