ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জানা আয়ের বাইরে সাত কোটি ৬৪ লাখ ২৭ হাজার পাঁচশ' টাকার সম্পদ অর্জন এবং চার কোটি ৩৯ লাখ ৮০ হাজার ৪১২ টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগে যমুনা গ্র"পের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, তার স্ত্রী সালমা ইসলাম ও ছেলে শামীম ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
কমিশনের উপ-পরিচালক শারমীন ফেরদৌসি রোববার রমনা থানায় মামলাটি দায়ের করেন। নুরুল ইসলাম বাবুল গত ২২ ফেব্র"য়ারি দুর্নীতি দমন কমিশনে সম্পদের হিসাব জমা দিতে এসে গ্রেপ্তার হন। তিনি এখন কারাগারে আছেন।
মামলায় অভিযোগ করা হয়, বাবুল নিজের ও তার পোষ্যদের নামে ১৯৮৬ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত ৪৫৫ জনের কাছ থেকে সাত কোটি ৬৪ লাখ ২৭ হাজার পাঁচশ' টাকা দান পেয়েছেন বলে আয়কর বিবরণীতে উল্লেখ করেছেন। কিন্তু অনুসন্ধানে এসব ব্যক্তির অস্তিত্ব পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে এ টাকা তার জ্ঞাত আয় বহির্ভূত অর্থ সম্পদ।
অভিযোগে আরও বলা হয়েছে, নুরুল ইসলাম বাবুল, তার স্ত্রী সালমা ইসলাম ও ছেলে শামীম ইসলাম দুদকে জমা দেওয়া দেওয়া সম্পদের বিবরণীতে চার চার কোটি ৩৯ লাখ ৮০ হাজার ৪১২ টাকার সম্পদের হিসাব গোপন করেছেন। এর মধ্যে সালমা ইসলামের নামে গুলশানের একটি বাড়ির দাম দেখানো হয়েছে পাঁচ কোটি ১৩ লাখ ৮০ হাজার ৬৫০ টাকা। কিন্তু গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের মতে, বাড়িটির দাম ছয় কোটি ৩০ লাখ ৫ হাজার ৪৪০ টাকা। এখানে এক কোটি ১৬ লাখ ২৪ হাজার ৭৯০ টাকা কম দাম দেখানো হয়েছে।
বাবুলের ছেলে শামীম ইসলামের নামে নবাবগঞ্জের কামারখোলার একটি বাড়ির দাম দেখানো হয়েছে ৮০ লাখ ১৪ হাজার টাকা। গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের মতে, বাড়িটির দাম হওয়া উচিত এক কোটি ২৪ লাখ ৫৬ হাজার ৪৮২ টাকা।
আসবাবপত্রের ক্ষেত্রে নুরুল ইসলাম বাবুল ৬৯ লাখ ৩৭ হাজার দুশ' টাকা, জমির ক্ষেত্রে ৫৬ লাখ ৩১ হাজার আটশ' টাকা, ৩২ লাখ টাকার শেয়ার, ৯৬ লাখ ৮২ হাজার ৬১৯ টাকার বিনিয়োগের হিসাব গোপন করেছেন বলেও মামলায় অভিযোগ আনা হয়েছে।
এছাড়া, বাবুল তার সম্পদের বিবরণীতে কোনো গাড়ির কথা উল্লেখ করেননি। এখানে তিনি ২৪ লাখ ৬১ হাজার ৫২১ টাকার সম্পদের হিসাব গোপন করেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমআইএম/এসএনডি/২১৪৭ ঘ.
bdnews24