২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেড় বছরে দেড়শ দুর্নীতিবাজের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক

২০০৮ সালের ডিসেম্বরের মধ্যে অন্তত দেড়শ দুর্নীতিবাজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার নিয়মিত সংবাদ ব্রিফিং-এ দুদক সচিব মো. মোখলেস উর রহমান এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2007, 03:06 PM

Updated : 26 Aug 2022, 08:29 PM

ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ২০০৮ সালের ডিসেম্বরের মধ্যে অন্তত দেড়শ দুর্নীতিবাজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার নিয়মিত সংবাদ ব্রিফিং-এ দুদক সচিব মো. মোখলেস উর রহমান এ কথা বলেন। তিনি বলেন, নির্বাচনের আগে দেড়শ দুর্নীতিবাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দুদকের লক্ষ্য। এখন পর্যন্ত যে হারে অনুসন্ধান, তদন্ত ও বিচার চলছে সেগুলো হাইকোর্টে খারিজ হয়ে গেলে এ লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব। এরই মধ্যে দুদকের দায়ের করা ১০টি মামলার রায় দেওয়া হয়েছে। এছাড়া, আরও পাঁচটি মামলা বিচারাধীন আছে। তারেক রহমানের সম্পত্তির বিষয়ে এক প্রশ্নের জবাবে দুদক সচিব বলেন, তার সম্পত্তির বিষয়ে অনুসন্ধান প্রতিবেদন কমিশন খতিয়ে দেখছে। শক্ত মামলা দায়েরের জন্য আরও কিছু তথ্য-প্রমাণ প্রয়োজন। অনুমোদিত জনবল কাঠামোর আওতায় কমিশনের বহাল করা কিন্তু পদায়ন হয়নি এমন ৩৫১ জনকে পদায়ন করা হবে বলে সচিব জানান। তবে প্রত্যাহার করা ২৬৩ জনের বিষয়ে মামলা থাকায় তাদের বিষয়টি আদালতের রায়ের ওপর নির্ভর করবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইএম/এসএনডি/২১০৬ ঘ.