২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জের শাহজিবাজারে ১১ নম্বর গ্যাসকূপের খনন শুরু

হবিগঞ্জের শাহজিবাজারে ১১ নম্বর গ্যাসকূপের খননকাজ শুরু হয়েছে। সবকিছু ঠিকভাবে চললে খনন শেষে এ কূপ থেকে প্রতিদিন আড়াই কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছেন হবিগঞ্জ গ্যাস ক্ষেত্রের উপ ব্যবস্থাপক রফিকুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2007, 02:35 PM

Updated : 26 Aug 2022, 08:29 PM

মৌলভীবাজার, আগস্ট ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - হবিগঞ্জের শাহজিবাজারে ১১ নম্বর গ্যাসকূপের খননকাজ শুরু হয়েছে। সবকিছু ঠিকভাবে চললে খনন শেষে এ কূপ থেকে প্রতিদিন আড়াই কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছেন হবিগঞ্জ গ্যাস ক্ষেত্রের উপ ব্যবস্থাপক রফিকুল ইসলাম। সোমবার সকালে পেট্রো বাংলার চেয়ারম্যান ড. শেখ আব্দুর রশিদ কূপ খনন কাজের উদ্বোধন করেন। এ সময় হবিগঞ্জের জেলা প্রশাসক মো. আতাউর রহমান, যৌথ বাহিনীর জেলা কমান্ডার মনিরুল ইসলাম আকন্দসহ পেট্রোবাংলা ও বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানিজ লিমিটেডের (বিজিএফসিএল) উর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। রফিকুল ইসলাম জানান, ১৯৬৩ সালে এই গ্যাসক্ষেত্রটি আবিস্কৃত হয়। এই ক্ষেত্রের ১০টি কূপের ৯টি থেকে প্রতিদিন ২৪ কোটি ৫০ লাখ ঘনফুট গ্যাস উত্তোলন করা হচ্ছে। নতুন কূপটি ৩ হাজার ১শ ৫০ ফুট খনন করতে সময় লাগবে আনুমানিক ১০০ দিন। খনন শেষে এ কূপ থেকে প্রতিদিন আড়াই কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। পেট্রোবাংলার নিজস্ব অর্থায়নে কূপটি খনন করা হচ্ছে বলেও জানান তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২০২৪ ঘ.