ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক প্রধান সম্পাদক হারুন হাবিবকে ৩০ দিনের মধ্যে বিশেষ সংবাদদাতা হিসেবে তার মূল পদে পুনর্বহালের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
একই সঙ্গে বিশেষ সংবাদদাতা পদের জন্য ২০০১ সালের ২১ আগস্ট থেকে তার বকেয়া বেতনভাতা ৬০ দিনের মধ্যে পরিশোধের নির্দেশ দিয়েছে আদালত।
সোমবার বিচারপতি এবিএম খায়রুল হক ও বিচারপতি সৈয়দ মো. করিমের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
তবে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে হারুন হাবিবের চুক্তি বাতিলের বিষয়টিকে আদালত বৈধ বলে ঘোষণা করেছে।
রায় ঘোষণার পর হারুন হাবিবের আইনজীবী ব্যারিস্টার আমির-উল-ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ রায়ের ফলে হারুন হাবিব বাংলাদেশ সংবাদ সংস্থায় বিশেষ সংবাদদাতা হিসেবে পুর্নবহাল হলেন।"
সোমবার বিকেলে হারুন হাবিব বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেন, "বকেয়া বেতনভাতা পরিশোধ করে আমাকে মূলপদে নিয়োগ দেওয়ার বিষয়টি বাসসকে জানাতে বলেছে আদালত।"
২০০০ সালের ২৮ এপ্রিল বাংলাদেশ সংবাদ সংস্থার বিশেষ সংবাদদাতা হারুন হাবিবকে ওই প্রতিষ্ঠানের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দুই বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। ২০০১ সালের ৩১ অক্টোবর ওই নিয়োগ বাতিল করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয় তাকে । এরপর ২০০২ সালের ১১ জুলাই মূলপদ বিশেষ সংবাদদাতার পদ থেকেও তাকে চাকরিচ্যুত করা হয়।
হারুন হাবিব এসব সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে তিনটি রিট আবেদন করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এসকে/১৭৪১ ঘ.
bdnews24