২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে জোড়া খুনের মামলায় ২ জনের যাবজ্জীবন

জামালপুরের ইসলামপুর উপজেলায় জোড়া খুনের মামলায় দু'জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2007, 10:28 AM

Updated : 26 Aug 2022, 08:29 PM

জামালপুর, আগস্ট ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জামালপুরের ইসলামপুর উপজেলায় জোড়া খুনের মামলায় দু'জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। জেলা স্পেশাল দায়রা জজ তানজিনা ইসমাইল সোমবার এ রায় দেন। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- ইসলামপুর উপজেলার ডিগ্রিরচর গ্রামের মোকছেদ আলী ও সন্দেশ আলী। মামলার অভিযোগে বলা হয়েছে, জমিতে গরুর ধান খাওয়ানোকে কেন্দ্র করে বিরোধের জের ধরে ১৯৯৮ সালের ১৯ এপ্রিল দণ্ডপ্রাপ্তরা মুসা মিয়াকে হত্যা করে। পরে হত্যার ঘটনায় প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য আসামিরা নিজেদের আত্মীয় হালিমা পাগলিকেও হত্যা করে। জোড়া খুনের ঘটনায় মুসা মিয়ার ছোট ভাই ইদ্রিস আলী ২০ জনকে আসামি করে ইসলামপুর থানায় মামলা করেন। তদন্ত ও বিচারে এদের মধ্যে দু'জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। বাকি আসামিদের খালাস দিয়েছে আদালত। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি অ্যাডভোকেট লুৎফর রহমান রতন, আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট নওয়ার আলী ও অ্যাডভোকেট মোহাম্মদ আলী। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৬২৭ ঘ.