ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু হত্যা মামলার লিভ টু আপিলের শুনানি অব্যাহত রয়েছে। শুনানিতে অংশ নিয়ে আসামী পক্ষের কৌসুলি খান সাইফুর রহমান বলেছেন, সাধারণ আদালতে চাকুরিরত সেনা সদস্যদের বিচার হতে পারে না। সেনা বিদ্রোহের অভিযোগে তাদের বিচার হতে পারে কোর্ট মার্শালে।
সোমবার বিচারপতি তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের তিন বিচারপতির বিশেষ বেঞ্চে নবম দিনের শুনানিতে আসামি কর্ণেল ফারুক রহমান, মহিউদ্দিন আহমেদ ও একেএম মহিউদ্দিনের পক্ষে শুনানিতে অংশ নিয়ে তিনি একথা বলেন। তার যুক্তিতর্ক উপস্থাপন মঙ্গলবার শেষ হতে পারে।
এর পরে আসামি শাহরিয়ার রশীদ খানের পক্ষে শুনানিতে অংশ নেবেন সিনিয়র অ্যাডভোকেট আবদুর রেজ্জাক খান।
খান সাইফুর রহমান শুনানিতে সেনা আইনের কয়েকটি ধারার উল্লেখ করে বলেন, সেনা সদস্য হিসাবে আসামীদের সেনা আইনেই বিচার করা উচিত ছিল। কিন্তু তা করা হয়নি।
তিনি শুনানিতে আরও বলেন, আসামি একেএম মহিউদ্দিন দূতাবাসে চাকুরি করতে বিদেশে অবস্থানকালে বিচারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির যে ধারা প্রয়োগ করার বিধান রয়েছে তা অনুসরণ করায় তার বিচার আইনের দৃষ্টি বাতিল হবে। তবে আদালত ইচ্ছা করলে আবার নিম্ন আদালতে বিচারের জন্য আদেশ দিতে পারেন।
শুনানিকালে রাষ্ট্রপক্ষের কৌসুলি নুরুল ইসলাম সুজন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ হায়দার আলী আদালতে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৫৫২ ঘ.
bdnews24