বরিশাল, আগস্ট ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বরিশালের হিজলা উপজেলার লেমুয়া গ্রামে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দায়ে স্বামী অলিউদ্দিন বাঘাকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
বরিশালের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সিদ্দিকুল আরেফিন চৌধুরী সোমবার দুপুরে এ রায় ঘোষণা করেন।
অলিউদ্দিন বাঘা এখনো পলাতক।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০০১ সালের ১৩ ডিসেম্বর রাতে অলিউদ্দিন বাঘা তার স্ত্রী হেলেনা বেগমকে যৌতুকের দাবিতে মারধরের এক পর্যায়ে শ্বাসরোধে হত্যার পর পালিয়ে যায়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পরদিন থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করে। পরে ২৪ ডিসেম্বর নিহত হেলেনা বেগমের বাবা আলী ব্যাপারী বাদী হয়ে হিজলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
তদন্তকারী কর্মকর্তা হিজলা থানার উপ-পরিদর্শক (এসআই) বজলুর রশিদ পরে আসামি অলিউদ্দিনের বিরুদ্ধে ম্যাজিস্টেট আদালতে অভিযোগপত্র দেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৫২৯ ঘ.
bdnews24