ঢাকা, আগস্ট ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু হত্যা মামলায় লিভ টু আপিল রাষ্ট্রপক্ষে পরিচালনার জন্য সরকার তিনজন বিশেষ কৌসুলি নিয়োগ দিয়েছেন।
অ্যাডভোকেট আনিসুল হকের নেতৃত্বে অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল ও নুরুল ইসলাম সুজনের নিয়োগের এই চিঠি রোববার তাদের হাতে পৌঁছেছে। আইন মন্ত্রণালয়ের সলিসিটর শাখা তাদেরকে এই নিয়োগ দিয়েছে।
নিয়োগ পাওয়া বিশেষ কৌসুলি মোশাররফ হোসেন কাজল বিডিনিউজকে এ তথ্য জানিয়ে বলেন, "এ নিয়োগে আমরা সরকারের প্রতি কৃতজ্ঞ। কারণ মামলাটি আমাদের প্রাণের মামলা।"
লিভ টু আপিল শুনানি: এদিকে বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত তিন আসামির কৌসুলি খান সাইফুর রহমান লিভ টু আপিলের শুনানিতে বলেছেন, "বঙ্গবন্ধু হত্যার ঘটনা একটি সেনাবিদ্রোহ। এর বিচার হবে কোর্ট মার্শালে। সাধারণ আদালতে নয়।"
রোববার বিচারপতি তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের তিন বিচারপতি বিশেষ বেঞ্চে বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি সৈয়দ ফারুক রহমান, আর্টিলারির মহিউদ্দিন ও ল্যান্সার মহিউদ্দিনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করে খান সাইফূর রহমান একথা বলেন।
বঙ্গবন্ধু হত্যা মামলার লিভ টু আপিলের ওপর রোববার অষ্টম দিনের শুনানি শেষ হয়েছে। সোমবারও এ শুনানি অব্যাহত থাকবে।
শুনানিতে খান সাইফুর রহমান আরও বলেন, "১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকান্ডের সময় কর্ণেল জামিল, সামসুল হক ও বঙ্গবন্ধু পুত্র শেখ জামাল-- এ তিন সেনাসদস্য নিহত হয়েছে। তারাও সামরিক বাহিনীর সদস্য। তাই এ ঘটনার বিচার হওয়া উচিত সামরিক আইনে। সেনা অভ্যুত্থানের এ ঘটনার সাধারণ আদালতের এখতিয়ার বহির্ভূত।"
খান সাইফুর রহমান বলেন, "সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকান্ডের ঘটনার সঙ্গে বঙ্গবন্ধু হত্যার ঘটনার মিল রয়েছে। জিয়াউর রহমান হত্যার বিচার হয়েছে কোট মার্শালের মাধ্যমে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৭৪৮ঘ.
bdnews24