পাবনা/কুষ্টিয়া, আগস্ট ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পাবনা জেলার সীমানাঘেঁষা কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পদ্মা নদীর দুর্গম চরাঞ্চলে রোববার সকালে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে রফিকুল ইসলাম(৩৫) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুটি শাটার গান উদ্ধার করেছে র্যাব।
র্যাব -১২ এর কর্মকর্তা মেজর আমজাদ হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, র্যাব-৫ এর একটি বিশেষ দল শনিবার রাতে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ঢাকাইয়া পাড়া থেকে চর এলাকার শীর্ষ সন্ত্রাসী রফিকুলকে গ্রেপ্তার করে। রোববার ভোরে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে পদ্মার চর এলাকার ঘোষপুরে যায়। সকাল ৬টার দিকে সেখানে পৌঁছলে রফিকুলের সহযোগী সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ করে গুলি চালায়। তখন র্যাবও পাল্টা গুলি ছোড়ে।
দুই পক্ষের সংঘর্ষের সময় রফিকুল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় বলে ওই র্যাব কর্মকর্তা জানান।
লাশটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
র্যাব জানায়, নিহত রফিকুলের বাড়ি কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোপালনগর গ্রামে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ নানা অভিযোগে বহু মামলা রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৫৪ ঘ.
bdnews24