ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতির স্বেচ্ছাধীন তহবিলের বরাদ্দ দ্বিগুণ করেছে উপদেষ্টা পরিষদ। ফলে এখন থেকে এ খাতের বরাদ্দ বছরে ৫০ লাখ টাকার পরিবর্তে এককোটি টাকা হচ্ছে।
শনিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে 'দ্যা প্রেসিডেন্ট রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস অ্যাক্ট, ১৯৭৫' এর ৭ এর ১ ধারা সংশোধন করে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব অনুমোদন করা হয়।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম সাংবাদিকদের ব্রিফ করার সময় এ তথ্য দেন।
তিনি বলেন, ১৯৮৭ সালে রাষ্ট্রপতির স্বেচ্ছাধীন তহবিলের বরাদ্দ বাড়িয়ে ৫০ লাখ টাকা করা হয়। এরপর দীর্ঘ ২০ বছর পর এ খাতে বরাদ্দ দ্বিগুণ করা হলো।
ফাহিম মুনেম বলেন, এ সময়ের মধ্যে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের স্বেচ্ছাধীন তহবিলের বরাদ্দ দু'বার বাড়ানো হয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, একই বৈঠকে পৌরসভার সাধারণ ও সংরক্ষিত আসনে নির্বাাচিত কমিশনারদের সাময়িক বরখাস্ত করার ক্ষমতা যুক্ত করে পৌরসভা অধ্যাদেশ সংশোধন সংক্রান্ত প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।
চলতি বছরের ৯ এপ্রিল প্রথম দফায় পৌরসভা অধ্যাদেশ সংশোধন করে চেয়ারম্যানদের সাময়িক বরাখাস্ত করার বিধান যুক্ত করা হয়। এবারের সংশোধনীর মাধ্যমে কমিশনারদের বরখাস্তের বিষয়টিও যুক্ত হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ এএইচডি/ইএইচবি/এসএনডি/এমএইচবি/২০৫০ ঘ.
bdnews24