ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ডায়রিয়া আক্রান্ত হয়ে রাজধানীর মহাখালীর কলেরা হাসপাতালে চিকিৎসার জন্য আসা রোগিদের অধিকাংশই ঢাকার পূর্বাঞ্চলের বাসিন্দা। শনিবার দুপুর ২টা পর্যন্ত এ হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৬০০ জন। চিকিৎসকরা বলছেন, সরবরাহ লাইনের দূষিত পানিই ডায়রিয়ার ব্যাপক বিস্তারের কারণ। স্বাস্থ্য উপদেষ্টা এ এস এম মতিউর রহমান নিজেও বলেছেন, ওয়াসার দূষিত পানির কারণেই এ রোগ ছড়াচ্ছে। তবে ওয়াসা দাবি করেছে, তাদের পানিতে এখন আর কোনো সমস্যা নেই। বন্যার কারণে লাইনে যেটুকু সমস্যা ছিল তা ঠিক করা হয়েছে।
কলেরা হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনরা বলছেন, বাসাবো, সবুজবাগ, মালিবাগ, মগবাজার, রামপুরাসহ ঢাকার পূর্বাঞ্চলের অধিকাংশ এলাকাতেই ওয়াসার সরবরাহ করা পানিতে প্রচণ্ড দুর্গন্ধ আর ময়লা। ফোটানোর পরও পানির দুর্গন্ধ যায় না। পানি ফুটিয়ে পান করলেও ঘরের অন্যান্য কাজে দুর্গন্ধযুক্ত ওই ময়লা পানিই ব্যবহার করছেন তারা।
শনিবার বাসাবো ও সবুজবাগ এলাকায় গিয়ে দেখা গেল, কোথাও কোথাও ওয়াসার পানির সঙ্গে লাগানো চাপকল এখনো পানির নিচে। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেল বন্যার পানি অনেকাংশে নেমে গেলেও ওয়াসার পানিতে ময়লা ও দুর্গন্ধ কমেনি।
সবুজবাগ থানার মদিনাবাগে একটি রিক্সা গ্যারেজে থাকেন ৯ জন রিক্সাচালক। তাদের মধ্যে সাতজনই অসুস্থ। পাঁচজনের এখনো পাতলা পায়খানা হচ্ছে। এদের মধ্যে আব্দুল মালেক কলেরা হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে গাইবান্ধায় নিজের বাড়িতে ফিরে গেছেন বলে জানালেন আরেক রিক্সাচালক মোসাদ্দেক আলী।
গ্যারেজের সামনেই ইউনুসের মিয়ার রিক্সা সারানোর দোকান। মূল সড়ক থেকে তার বাড়িতে যেতে হাঁটু পানি ভাঙতে হয়। বাড়িতে তার দুই ছেলের পাতলা পায়খানা, স্ত্রীর জ্বর। নিজের শরীরও ভালো নয়। তিনি জানালেন, ওয়াসার পানিতে দুর্গন্ধের কারণে দূর থেকে টিউবওয়েলের পানি এনে পান করছেন তারা। তবে ঘরের অন্যান্য কাজ সারতে ওয়াসার সরবরাহের পানিই ব্যবহার করতে হচ্ছে।
কলেরা হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের অধিকাংশই নিু আয়ের শ্রমজীবী মানুষ। তাদের অনেকেই জানালেন, পানি ফুটিয়ে খাওয়া উচিত জেনেও জ্বালানি সমস্যার কারণে পানি ফুটিয়ে খেতে পারছেন না সবাই। এসব এলাকায় ওয়াসা গাড়িতে করে বিশেষ ব্যবস্থায় পানি সরবরাহ করলেও প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল।
নাতীর চিকিৎসার জন্য দক্ষিণ বাড্ডা থেকে এই হাসপাতালে আসা ফাতেমা বলেন, "পানি ফুটায়া খাই। তয় সবসময় তো আর ফুটান যায় না। কাঁচা পানি খাইয়া আমাগো পাশের ঘরেও একজনের পাতলা পায়খানা হইছে। আমাগো এলাকার আরো মেলা লোকের পাতলা পায়খানা। জ্বরজারি লাইগাই আছে।"
এ প্রসঙ্গে মহাখালীর আইসিডিডিআর,বি হাসপাতালের (কলেরা হাসপাতাল) দীর্ঘকালীন চিকিৎসা বিভাগের প্রধান শাহাদাত হোসেন শনিবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "অস্বাভাবিক হারে রোগি আসা বন্ধ করতে হলে এখনই বিশুদ্ধ পানি পানের বিষয়টি নিশ্চিত করতে হবে। সেটা সম্ভব না হলে রোগীর সংখ্যা বাড়তেই থাকবে।"
রাজধানীতে ডায়রিয়া ছড়িয়ে পড়ার জন্য বন্যার পাশাপাশি ওয়াসরা সরবরাহ করা পানিকে দায়ী করেছেন স্বাস্থ্য উপদেষ্টা এ এস এম মতিউর রহমান নিজেও।
বৃহস্পতিবার আইসিডিডিআর,বিতে বন্যা-পরবর্তী স্বাস্থ্য সমস্যা বিষয়ক এক সেমিনারে তিনি বলেন, "ওয়াসা স্বীকার করুক আর নাই করুক পানির কারণেই রোগ ছড়াচ্ছে। ডায়রিয়া একটি পানিবাহিত রোগ। এজন্য বন্যাদুর্গত এলাকাগুলোতে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করছে সরকার। বন্যার পর ওয়াসার সরবরাহ লাইন দ্রুত সংস্কারের জন্য উপদেষ্টা পরিষদের সভায় আলোচনাও হয়েছে। যত দ্রুত সম্ভব সেটা করা হবে।"
অবশ্য ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক শহীদুল ইসলাম শনিবার দাবি করেছেন, "এখন ওয়াসার সরবরাহ করা পানিতে কোনো সমস্যা নেই। বন্যার কারণে লাইনে যেটুকু সমস্যা ছিল তা ঠিক করা হয়েছে। সবুজবাগের মদিনাবাগ এলাকার লাইনে ময়লা পানি ঢুকেছিল। তা পরিষ্কার করা হয়েছে। আর যেসব এলাকায় সমস্যা ছিল সেখানেও একই ব্যবস্থা নেওয়া হয়েছে।"
তিনি আরো জানান, যেসব এলাকায় বন্যার পানি উঠেছিল ওয়াসা সেসব স্থানে ট্রলি ও ভ্রাম্যমাণ ট্যাংকারের সাহায্যে বিশুদ্ধ পানি সরবরাহ করছে। অনেক এলাকায় ভবনগুলোর ভূ-গর্ভস্ত পানি সংরক্ষণ ট্যাংক বন্যার পানিতে তলিয়ে গিয়েছিল। সেগুলো যথাযথভাবে পরিষ্কার করতে এবং পানি ফুটিয়ে খাওয়ার জন্য এলাকাবাসীকে পরামর্শ দিচ্ছে ওয়াসা।
এদিকে বন্যাজনিত কারণে ডায়রিয়া ছাড়াও চর্মরোগ, চোখের প্রদাহ ও শ্বাসকষ্টে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। শুক্রবার দুপুর থেকে শনিবার দুপুর ১টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দশ হাজারেরও বেশি মানুষ এসব রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।
এই সময়ের মধ্যে মারা গেছেন ১৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, বন্যাজনিত কারণে এ পর্যন্ত মোট ৫৫৪ জনের মৃত্যু হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, শুক্রবার ১৮ জনের মধ্যে ১৭ জনের মৃত্যু হয়েছে পানিতে ডুবে। একজন সাপের কামড়ে মারা গেছেন।
বন্যাজনিত কারণে এ পর্যন্ত মৃতদের মধ্যে ৪৯২ জন পানিতে ডুবে, সাপের কামড়ে ৩৫ জন, ডায়রিয়ায় ১৫ জন ও শ্বাসকষ্টজনিত রোগে ১২ জন মারা গেছেন।
নিয়ন্ত্রণ কক্ষ জানায়, শনিবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে ৩৪০০ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে ২২০০, চট্টগ্রামে ৩৫০, রাজশাহীতে ৬৯১, বরিশালে ৩, সিলেটে ১২৯ ও খুলনায় ২৭ জনের ডায়রিয়া আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
এছাড়া এই সময়ের মধ্যে সারাদেশে শ্বাসকষ্টে ১০৭৪ জন, চর্মরোগে ১৩০১ জন, সাপে কাটা ৬ জন, আঘাত প্রাপ্ত ১৯৩ ও অন্যান্য রোগে ৪৮১৩ বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।
এছাড়া রাজধানীতে আইসিডিডিআর,বি পরিচালিত কলেরা হাসপাতালে শনিবার দুপুর ২টা পর্যন্ত ৬০০ জন ডায়রিয়া রোগি ভর্তি হয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/জেকে/এমএইচবি/২০৩৭ ঘ.
bdnews24