ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক দুই সেনাপ্রধান অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাহবুবুর রহমান ও অসরপ্রাপ্ত লে. জেনারেল হারুন-অর-রশীদ বীরপ্রতীক দাবি করেছেন ১১ জানুয়ারি জাতিকে দুর্যোগমুক্ত করে গণতন্ত্রে উত্তরণের উদ্যোগ নিয়েছে সশস্ত্র বাহিনী। তাদের সাফল্যেরও শেষ নেই।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের এক মতবিনিময় সভায় তারা এ কথা বলেন।
বিশ্ব শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শনকারী সাংবাদিকদের নিয়ে কোয়ালিশন অব লোকাল এনজিও'স, বাংলাদেশ (সিএলএনবি) এই মতবিনিময় সভার আয়োজন করে।
মাহবুবুর রহমান বলেন, ''আমাদের সশস্ত্র বাহিনীর সাফল্যের শেষ নেই। তাদের কোনো ব্যর্থতাও নেই। গৃহযুদ্ধ বিধ্বস্ত যেসব দেশে তারা গেছে, সেখানকার সব পক্ষই বাংলাদেশের শান্তি সৈনিকদের আন্তিরকভাবে নিয়েছে, স্বাগত জানিয়েছে।''
তিনি আরও বলেন, "১১ জানুয়ারি জাতিকে দুর্যোগমুক্ত করে সশস্ত্র বাহিনী গণতন্ত্রে উত্তরণের উদ্যোগ নিয়েছে।"
এম হারুন-অর-রশীদ বলেন, ''আফ্রিকার সোমালিয়ায় সব দেশের শান্তিমিশন যখন ব্যর্থ হচ্ছিল, বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা তখন সেখানে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছে। শান্তিরক্ষা মিশনের মাধ্যেমে আমরা বিশ্বে ৩৫টি স্থায়ী বন্ধু দেশ পেয়েছি। দেশের গণতন্ত্র উত্তরণেও আমাদের সশস্ত্র বাহিনী সহযোগিতা করছে সরকারকে।''
সিএলএনবির চেয়ারম্যান হারুনুর রশীদের সভাপতিত্বে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আমিন আহমেদ চৌধুরী, কমরেড নুরুল হক মেহেদী, শ্রমিক নেতা হারুন অর রশিদ ভূঁইয়া, অ্যাডভোকেট আফজাল হোসেন, সাংবাদিক কাজী হাফিজ, শফিউল ইসলাম, আজমল হোসেন সরকার মিন্টু এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/এমএইচবি/১৮৪৮ ঘ.
bdnews24