ঢাকা, আগস্ট ১৮(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মোবাইল ফোনে এক ছাত্রীর ছবি তোলাকে কেন্দ্র করে রাজধানীর গ্রিন রোডের আইডিয়াল কলেজ ও ধানমন্ডির স্ট্যামফোর্ড কলেজের ছাত্রদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
পরিস্থিতি সামাল দিতে পুলিশকে কয়েক দফা মৃদু লাঠিচার্জ করতে হয়। ঘটনার পর স্ট্যামফোর্ড কলেজ একদিনের জন্য (শনিবার) বন্ধ ঘোষণা করা হয়।
ছাত্রদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় কেউ আহত হয়নি।
ধানমন্ডির ৯ নম্বর সড়কে স্ট্যামফোর্ড কলেজের সামনের সড়কে কয়েক শ ছাত্র-ছাত্রী জড়ো হলে কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয়।
শনিবার দুপুর ১২টার দিকে স্ট্যামফোর্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে গুজব ছড়িয়ে পড়ে যে, আইডিয়াল কলেজের ছাত্ররা ধানমন্ডি লেকের কাছে জড়ো হচ্ছে। এ খবরের জের হিসেবে সে কলেজের কয়েক শ' ছাত্র-ছাত্রী সড়কে নেমে আসে। তাদের একটি অংশ লেকের দিকে 'ধর ধর' চিৎকার দিয়ে ধাওয়া করে।
পথচারি ও এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে লাঠিচার্জ করে উত্তেজিত ছাত্রদের সরিয়ে দেয়।
জানা গেছে, গত বৃহস্পতিবার থেকে গ্রিন রোডের আইডিয়াল কলেজের একজন ছাত্রের মোবাইলে স্ট্যামফোর্ড কলেজের একজন ছাত্রীর ছবি তোলা নিয়ে দুই কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্যে উত্তেজনা চলছিল। বৃহস্পতিবার বিক্ষুব্ধ ছাত্ররা গ্রিন রোডে একটি গাড়ি ভাঙচুর করে।
স্ট্যামফোর্ড অধ্যক্ষ সেলিম হোসেন সাংবাদিকদের বলেন,"এটা বড় কিছু নয়। আমি আইডিয়াল কলেজের অধ্যক্ষের সঙ্গে কথা বলেছি। সমস্যার সমাধান হয়ে যাবে।''
অধ্যক্ষ জানান, স্ট্যামফোর্ড কলেজের যেসব ছাত্র উত্তেজনা সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, উত্তেজিত ছাত্রদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করেছে। এখন পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক আছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএম/এসকে/১৪০৪ ঘ.
bdnews24