কলকাতা, আগস্ট ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কলকাতায় বসবাসকারী তসলিমা নাসরিনকে হত্যার হুমকি দিয়েছেন সেখানকার কট্টর মুসলিম নেতারা। তারা তসলিমাকে হত্যার জন্য এক লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছেন।
তসলিমা এই হুমকি শুনে বলেছেন, "আমি মৃত্যু ভয়ে ভীত নই কিন্তু এই ধরনের ঘটনায় খুবই দুঃখ পাচ্ছি।" তিনি কখনো কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করেননি বলেও দাবি করেন।
শুক্রবার কলকাতার কয়েকটি বড় মসজিদের ১২/১৩ জন নেতা এক বৈঠক শেষে তসলিমাকে হত্যার জন্য পুরস্কার ঘোষণা করেন। তারা বলেন, ইসলামের সমালোচনা করে একের পর এক বই লিখে ও মন্তব্য করে তসলিমা তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন।
নেতাদের একজন বলেন, তসলিমাকে ভারত ত্যাগের জন্য এক মাস সময় দেওয়া হয়েছে। আরেকজন দাবি তোলেন, তাকে ১৫ দিনের মধ্যে ভারত ছাড়তে হবে। তসলিমার হত্যাকারীকে এক লাখ রুপি পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন এই ইমামরা।
কলকাতার বৃহত্তম মসজিদগুলোর একটির নেতা নুরুর রেহমান বরকতি বলেন, "তসলিমাকে যে হত্যা করতে পারবে তাকে বাড়তি পুরস্কারও দেওয়া হবে।"
ভারতের হায়দ্রাবাদে তসলিমার ওপর উগ্রপন্থিদের হামলার এক সপ্তাহের মাথায় কলকাতায় এই হুমকি দেওয়া হলো।
পুলিশ জানিয়েছে, এই হুমকির পর তসলিম নাসরিনের কলকাতার বাসার নিরাপত্তা জোরদার করা হয়েছে।
তসলিমা নাসরিন রয়টার্সকে বলেছেন, তাদের এই হুমকিতে ভারতের ধর্মীয় নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হবে। তিনি বলেন, "আমি কখনো ধর্মীয় অনুভূতিতে আঘাত করিনি এবং দৃড়ভাবে বাকস্বাধীনতায় বিশ্বাস করি। আমি মৃত্যু ভয়ে ভীত নই কিন্তু এই ধরনের ঘটনায় খুবই দুঃখ পাচ্ছি।"
তসলিমা ১৯৯৪ সাল থেকে নির্বাসিত জীবন কাটচ্ছেন। সে সময় বাংলাদেশের একটি আদালত বলেছিল তিনি লজ্জা উপন্যাসে 'উদ্দেশ্যমূলক ও বিদ্বেষপরায়ণভাবে' ইসলাম ধর্মকে আঘাত করেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/২০৩২ ঘ.
bdnews24