বরিশাল, আগস্ট ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠি পৌর শহরের একটি আবাসিক হোটেল থেকে শুক্রবার দুপুরে বোমা তৈরির সরঞ্জমসহ আজিজুল হক নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাব।
র্যাব-৮ এর লে. কমান্ডার কেএম মামুনুর রশিদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "র্যাব সদস্যরা শহরের ধানসিঁড়ি হোটেলে অভিযান চালিয়ে তারকাঁটা, আঠা, বরশি ও স্টিলের পাতসহ বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে। এ সময় ওই হোটেল থেকে আজিজুল হককে আটক করা হয়।"
মামুনুর রশিদ জানান, আজিজুলকে র্যাব কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বাড়ি ঢাকার মিরপুরে। গত ৫ আগস্ট সকালে আজিজুল হক ওই হোটেলের একটি কক্ষ ভাড়া নেন। তিনদিনের ভাড়া না দিয়ে তিনি ওই কক্ষে একটি ব্যাগ রেখে ৭ আগস্ট উধাও হয়ে যান। শুক্রবার সকালে তিনি আবার হোটেলে ফিরে আসেন বলে হোটেলের কর্মচারীরা জানিয়েছেন।
তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় হোটেল মালিক বিষয়টি র্যাবকে জানান। এরপর র্যাব সদস্যরা বোমা তৈরির সরঞ্জামসহ তাকে আটক করে বলে জানান, মামুনুর রশিদ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএইচবি/জেকে/২০৪০ ঘ.
bdnews24