বগুড়া, আগস্ট ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জরুরি অবস্থার মধ্যে আত্মপ্রকাশ করা প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির (পিডিপি) সমন্বয়ক ফেরদৌস আহমদ কোরেশী বলেছেন, তারা 'সরকারের লোক'- এটা ভাবার অবকাশ নেই। শুক্রবার দুপুরে বগুড়ায় বন্যার্তদের ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
বগুড়া পর্যটন মোটেলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কোরেশী বলেন, "আওয়ামী লীগ ও বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দুর্নীতিবিরোধী অভিযানের বিরোধিতা করছে। আমরা দুর্নীতিমুক্ত দেশ চাই। তাই এক্ষেত্রে সরকারের কাজের প্রশংসা করছি। এখানেই সরকার এবং আমাদের মিল।"
কোরেশী শেখ মুজিবুর রহমানকে জাতির জনক মানতে অনীহা প্রকাশ করেন। তিনি বলেন, ''শেখ মুজিব জাতির জনক হতে পারেন না। কারণ, বাঙালি জাতির ব্যপ্তি গোটা পৃথিবী জুড়ে, শুধূ বাংলাদেশেই নয়। শেখ মুজিব বাংলাদেশের ফাউন্ডার বা স্থপতি- জনক বা পিতা নন।''
তিনি জানান, পিডিপি-র পক্ষ থেকে ৬ জনকে জাতীয় নেতার মর্যাদা দেওয়া হবে। সেই তালিকায় শেখ মুজিবুর রহমানকে সম্মান দেওয়া হবে বাংলাদেশের স্থপতি হিসাবে ।
জামায়াত-শিবিরের যুদ্ধাপরাধীদের বিচার চান কিনা- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে কোরেশী বলেন, "বঙ্গবন্ধু তাদের ক্ষমা করেছেন। তাই তাদের বিচারের সুযোগ নেই।" তবে তিনি একথাও বলেন, "এখন কাদের বিচার চাইবো? যখন বিচার শুরু হবে, তখন আমাদের অবস্থান স্পষ্ট করবো।"
পিডিপি সমন্বয়ক বলেন ''আমরা ঘরোয়া রাজনীতি চালুর পক্ষে। রাজনীতি চালূ হলেই আমরা দল গুছিয়ে নিতে পারবো।"
দল গঠনে সারা দেশ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন দাবি করে ২০০৮ সালের নির্বাচনে ৩শ আসনেই প্রার্থী দেওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন কোরেশী।
কোরেশীর সফরসঙ্গী সাবেক মন্ত্রী তাজুল ইসলাম চৌধুরী, সাবেক হুইপ দেওয়ান নুরুন্নবী, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এনএ রফিকুল হোসেন, অবসরপ্রাপ্ত মেজর কামরুল হাসান আজাদ, অবসরপ্রাপ্ত মেজর রিয়াজুল ইসলাম, জয়নাল আবেদীন জুয়েল, আনোয়ারুল হক, স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কালাম, ইমরান হোসেন রিবন, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম পিন্টু এবং সাবেক জেলা যুবদল সভাপতি আনোয়ারুল ইসলাম বাদল মতবিনিময়কালে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএম/এফএইচবি/এসকে/১৮৫১ ঘ.
bdnews24