২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গার পল্লীতে তিন জনকে কুপিয়ে খুন

দামুড়হুদা ও আলমডাঙ্গা উপজেলায় পৃথক দুটি ঘটনায় তিন জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন, দামুড়াহুদার দর্শনা শান্তিপাড়ার আব্দুল গাফফারের ছেলে ওয়াসিম (২৮) ও মেহের আলীর ছেলে রাজু আহমেদ (২৩) এবং আলমডাঙ্গার বাদেমাজু গ্রামের মকবুল হোসেনের ছেলে সিলোন (১৩)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2007, 10:41 AM

Updated : 26 Aug 2022, 08:28 PM

চুয়াডাঙ্গা, আগস্ট ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দামুড়হুদা ও আলমডাঙ্গা উপজেলায় পৃথক দুটি ঘটনায় তিন জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন, দামুড়াহুদার দর্শনা শান্তিপাড়ার আব্দুল গাফফারের ছেলে ওয়াসিম (২৮) ও মেহের আলীর ছেলে রাজু আহমেদ (২৩) এবং আলমডাঙ্গার বাদেমাজু গ্রামের মকবুল হোসেনের ছেলে সিলোন (১৩)। শুক্রবার সকালে দামুড়হুদা উপজেলার দুধপাতিলা গ্রামের মোকামতলা মাঠে ওয়াসিম ও রাজুর লাশ পড়ে থাকতে দেখে গ্রামবাসী পুলিশে খবর দেয় বলে জানান দামুড়হুদা থানার দায়িত্বরত কর্মকর্তা উপ পরিদর্শক তপন কুমার ঢালী। তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "খবর পেয়ে পুলিশ গিয়ে ক্ষতবিক্ষত লাশ দুটি নিয়ে আসে।" নিহতরা রেলওয়ের যন্ত্রাংশ চোর দলের সদস্য জানিয়ে ওই পুলিশ কর্মকর্তা বলেন, "চোরাই মালামাল নিয়ে বিরোধের জের ধরে অভ্যন্তরীণ কোন্দলেই সম্ভবত তারা খুন হয়েছে।" চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দেবরাজ জানান, লাশ দুটি রেলওয়ের জমিতে পাওয়ায় এ ঘটনায় রেলওয়ে থানার মামলা দায়ের হবে। এদিকে আলমডাঙ্গা উপজেলার বাদেমাজু গ্রামে লুডু খেলাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকালে সেকেন্দার আলীর ছেলে বিশারত আলী (৩৫) ওই গ্রামেরই মকবুল হোসেনের ছেলে সিলোন (১৩) কে কুপিয়ে আহত করে বলে সিলোনের পরিবার জানায়। মুমূর্ষু অবস্থায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে বৃহস্পতিবার রাতেই সে মারা যায়। ঘটনার পর থেকে বিশারত পলাতক রয়েছে। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৪২ ঘ.