২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উজানে আবারো পানি বাড়ছে

বন্যার পানি সরতে না সরতেই উজানে আবার পানি বাড়তে শুরু করেছে। শুক্রবার সকাল পর্যন্ত যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে ৩৪ সেন্টিমিটার ও পুরাতন ব্রহ্মপুত্র নদীর পানি ময়মনসিংহ পয়েন্টে ৪৫ সেন্টিমিটার বেড়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পানি বেড়েছে সুরমা ও কুশিয়ারাতেও। গঙ্গা অববাহিকার নদীগুলোর মধ্যে পদ্মার পানি গোয়ালন্দ ও ভাগ্যকূল পয়েন্টে যথাক্রমে ৩ ও ২ সেন্টি মিটার বেড়ে বিপদ সীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে, এসব পয়েন্টে আগামী তিনদিনে পানি আরো বাড়তে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2007, 02:31 PM

Updated : 26 Aug 2022, 08:28 PM

ঢাকা, আগস্ট ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বন্যার পানি সরতে না সরতেই উজানে আবার পানি বাড়তে শুরু করেছে। শুক্রবার সকাল পর্যন্ত যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে ৩৪ সেন্টিমিটার ও পুরাতন ব্রহ্মপুত্র নদীর পানি ময়মনসিংহ পয়েন্টে ৪৫ সেন্টিমিটার বেড়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পানি বেড়েছে সুরমা ও কুশিয়ারাতেও। গঙ্গা অববাহিকার নদীগুলোর মধ্যে পদ্মার পানি গোয়ালন্দ ও ভাগ্যকূল পয়েন্টে যথাক্রমে ৩ ও ২ সেন্টি মিটার বেড়ে বিপদ সীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে, এসব পয়েন্টে আগামী তিনদিনে পানি আরো বাড়তে পারে। মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, চাঁদপুর এবং ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলার বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকলেও আগামী তিনদিনের মধ্যে পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে। মেঘনার ভৈরব বাজার পয়েন্টেও পানি বাড়ছে। তবে নারায়ণগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকবে বলে বুলেটিনে উল্লেখ করা হয়েছে। ঢাকা ও নারায়ণগঞ্জের আশপাশের নদ-নদীগুলোর পানি আগামী ২৪ ঘণ্টায় কিছুটা কমলেও এরপর আবার বাড়তে পারে। রাজধানীর আশপাশের নদীগুলোর মধ্যে তুরাগ, টঙ্গিখাল, কালীগঙ্গা ও ধলেশ্বরীতে পানি কমলেও তা এখনও বিপদ সীমার ওপরে রয়েছে। বিপদ সীমার ওপর দিয়ে বইছে পদ্মাও। মেঘনায় পানি না বাড়লেও তা এখনও রয়েছে বিপদ সীমার ২০ সেন্টিমিটার ওপরে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, উত্তরাঞ্চলে তিস্তার পানি কমলেও ধরলার পানি ২৯ সেন্টিমিটার বেড়েছে। ব্রহ্মপুত্র ও যমুনার পানি বাহাদুরাবাদ, সিরাজগঞ্জ ও আরিচা পয়েন্টে যথাক্রমে ২৪, ৩৪ ও ১৫ সেন্টিমিটার বেড়েছে। আগামী ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জের পানি ৭ সেন্টিমিটার কমার সম্ভাবনা থাকলেও আরিচার পানি বিপদ সীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হবে। তারাঘাটের কালীগঙ্গা পয়েন্টে পানি ৫ সেন্টিমিটার কমেছে এবং ২৪ ঘণ্টায় আরো ১০ সেন্টিমিটার কমবে। টঙ্গিখালের পানি টঙ্গি পয়েন্টে তিন সেন্টিমিটার ও তুরাগের মীরপুর পয়েন্টে দুই সেন্টিমিটার কমলেও আগামী ২৪ ঘণ্টায় বিপদ সীমার যথাক্রমে ৩৫ সেন্টিমিটার ও ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এছাড়া ধলেশ্বরী নদীর জাজির ও রেকাবি বাজার পয়েন্টে পানি যথাক্রমে চার ও তিন সেন্টিমিটার কমেছে। গঙ্গা অববাহিকার নদীগুলোর মধ্যে পদ্মার পানি গোয়ালন্দ ও ভাগ্যকূল পয়েন্টে ১৪ সেন্টিমিটার বেড়ে আগামী ২৪ উভয় পয়েন্টেই পানি বিপদ সীমার ২৮ সেন্টিমিটার ওপর দিয়ে বইতে পারে। এসব পয়েন্টে আগামী তিনদিন পানি আরো বাড়বে। এছাড়া কপোতাক্ষ নদীর পানি ১ সেন্টিমিটার কমলেও এখন বিপদ সীমার ৩৮ সেন্টিমিটার ওপরে রয়েছে। মেঘনা অববাহিকার সুরমার পানি কানাইঘাট পয়েন্টে ৬ সেন্টিমিটার কমলেও সিলেট পয়েন্টে ১১ সেন্টিমিটার বেড়েছে। কুশিয়ারার পানিও ২০ সেন্টিমিটার বেড়েছে। এছাড়া, পার্বত্য অঞ্চলে হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বেড়েছে। হালদা নদীর পানি নারায়ণহাট পয়েন্টে ২০ সেন্টিমিটার বেড়ে বিপদ সীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। বন্যা পূর্বাভাস কেন্দ্রের সহকারী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "ব্রহ্মপুত্রের প্রবেশ মুখে পানি বাড়ার ফলে আগামী তিনদিন বাহাদুরবাদ, চিলমারী ও সিরাজগঞ্জ পয়েন্টে নদীর পানি বাড়তে পারে। তবে তা বিপদ সীমা অতিক্রম করবে না বলেই মনে হয়।" রাজধানীর আশপাশে আপাতত পানি বাড়ার আশঙ্কা নেই বলে ওই কর্মকর্তা জানান। এদিকে আমাদের সিরাজগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, সিরাজগঞ্জে বন্যার পানি নামতে না নামতেই নতুন করে বন্যা শুরু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি ৩৪ সেন্টিমিটার বেড়েছে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে জেলার কাজীপুর, সদর ও চৌহালী উপজেলার ২৫টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। গত ২ দিনের বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে পানি বাড়ায় জেলার বন্যা কবলিত মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘন্টায় জেলায় ২৬৫ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে গত ১৯ দিনে জেলায় মোট ডায়রিয়া রোগির সংখ্যা ৩৯২৪ জন এ দাঁড়ালো। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমএআর/এমআই/জেকে/২২০৪ ঘ.