কিশোরগঞ্জ, আগস্ট ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- যশোর- ৫ আসনের সাবেক সাংসদ ও জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি মো. ওয়াক্কাসসহ চার জনের বিরুদ্ধে কিশোরগঞ্জে প্রতারণার মামলা দায়ের করা হয়েছে।
বাজিতপুরের মাওলানা শাহাদাত আলী বাদী হয়ে বৃহস্পতিবার কিশোরগঞ্জের ২ নং আমলি আদালতে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হাবিবুন নাহার অভিযোগটি তদন্তের জন্য বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
মামলার অন্য তিন আসামি হলেন- মুফতি ওয়াক্কাসের জামাতা মাওলানা জুবায়ের আহম এবং দুই সহযোগী মিলন ও বাবুল।
মামলার অভিযোগে বলা হয়েছে, মুফতি ওয়াক্কাসের জামাতা মাওলানা জুবায়ের ২০০৫ সালে জমিয়াতে উলামায়ে ইসলামের সম্মেলন উপলক্ষে বাজিতপুর এসে বাদীর সঙ্গে দেখা করেন।
পরে মাওলানা জুবায়ের বাদীকে ঢাকায় তার শ্বশুর মুফতি ওয়াক্কাসের কাছে নিয়ে যান। সেখানে মুফতি ওয়াক্কাস বাদীকে নিয়ে বাংলাদেশ থেকে সমস্ত বিদেশি এনজিওকে বিতাড়িত করা ও 'বয়স্ক মাদানি শিক্ষা কার্যক্রম' পরিচালনার জন্য 'বাংলাদেশ হালাল সমিতি' গঠন করেন।
সে সময় বলা হয়েছিল, সংগঠনের সদস্যদের সুদবিহীন ঋণ দেওয়া হবে এবং আন্তর্জাতিকভাবে ব্যবসা পরিচালনা করে লভ্যাংশ প্রদান করা হবে।
পরে বিভিন্ন সময় বাদী ও অন্যান্য সদস্যদের কাছে থেকে এক লাখ আট হাজার টাকা চাঁদা আদায় করা হয়। কিন্তু সংগঠনের কোনো কার্যক্রম না থাকায় সদস্যরা টাকা ফেরত চাইলে মুফতি ওয়াক্কাস ও মাওলানা জুবায়ের টাকা নেওয়ার কথা অস্বীকার করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এসএনডি/১৯২১ ঘ.
bdnews24