গাইবান্ধা, আগস্ট ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদ বলেছেন, মঙ্গা মোকাবিলায় ত্রাণ সহায়তা স্থায়ী কোনো সমাধান নয়। প্রশিক্ষিত জনগোষ্ঠীকে নিয়ে টেকসই ও কার্যকর পরিকল্পনার মাধ্যমে এ সমস্যা চিরতরে দূর করতে হবে।
মঙ্গাপ্রবণ গাইবান্ধা জেলার বেকার যুবকদের জন্য 'সোয়েটার নিটিং অ্যান্ড লিংকিং মেশিন অপারেটিং' কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বৃহস্পতিবার তিনি এ কথা বলেন।
গাইবান্ধা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এ কোর্সে দু'দফায় ৮৮ জন বেকার তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেওয়া হবে। পরে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, "আমাদের আর এখন পিছন ফিরে তাকানোর উপায় নেই, উন্নয়ন পদচারণায় সবাইকে সামনে এগিয়ে যেতে হবে।"
উত্তরবঙ্গের জনগণ মঙ্গার কারণে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছে মন্তব্য করে তিনি বলেন, "এখন সময় এসেছে সংগ্রাম করার।"
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিজিএমইএ সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী, যুব উন্নয়ন অধিদপ্তরের মহা-পরিচালক ইসমাইল হোসেন, বিআইএফটির সভাপতি বেনজির আহমেদ ও গাইবান্ধা জেলা প্রশাসক কাজী মো. আনোয়ারুল হাকিম।
এর আগে সেনাপ্রধান গাইবান্ধার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন। তিনি সদর উপজেলার গোদারহাট সোনাইল বাঁধে আশ্রিত ও পূর্ব কোমরনইতে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এসএনডি/১৬৪৮ ঘ.
bdnews24