২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ আত্মীয় দেখা করলেন হাসিনার সঙ্গে

বাবা-মাসহ পরিবারের প্রায়সব সদস্যদের নিহত হওয়ার দিনটিতে পাঁচ আত্মীয়কে শেখ হাসিনার সঙ্গে দেখা করার সুযোগ দেয় জেল কর্তৃপক্ষ। বুধবার বিকেল ৪টায় শেরেবাংলা নগরের বিশেষ কারাগারের ফটকে এসে উপস্থিত হন আত্মীয়রা। এরপর সোয়া ৪টার দিকে একটি অ্যাম্বুলেন্সে কওে তাদের বিশেষ কারাগারের ভেতরে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে নিয়ে যাওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2007, 06:18 PM

Updated : 26 Aug 2022, 08:27 PM

ঢাকা, আগস্ট ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বাবা-মাসহ পরিবারের প্রায়সব সদস্যদের নিহত হওয়ার দিনটিতে পাঁচ আত্মীয়কে শেখ হাসিনার সঙ্গে দেখা করার সুযোগ দেয় জেল কর্তৃপক্ষ। বুধবার বিকেল ৪টায় শেরেবাংলা নগরের বিশেষ কারাগারের ফটকে এসে উপস্থিত হন আত্মীয়রা। এরপর সোয়া ৪টার দিকে একটি অ্যাম্বুলেন্সে কওে তাদের বিশেষ কারাগারের ভেতরে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে নিয়ে যাওয়া হয়। এই পাঁচ আত্মীয় হলেন শেখ হাসিনার মামা শেখ খবিরউদ্দীন, খালা জিন্নাতুন্নেসা, খালাতো বোন ফরিদা শেখ, ফুপাতো বোন শেখ সুলতানা রেখা ও ফুপাতো ভাইয়ের স্ত্রী শাহান আরা আব্দুল্লাহ। প্রায় দেড় ঘণ্টা শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ শেষে তারা বিকেল পৌনে ৬টায় কারাগার থেকে বের হয়ে আসেন। শেখ খবিরউদ্দীন সাংবাদিকদের বলেন, "ঢাকায় থেকেও শেখ হাসিনা তার বাবা-মার কবর জিয়ারত করতে পারলো না। দুর্নীতি-চাঁদাবাজির অভিযোগে তার মতো একজনকে জেলে থাকতে হচ্ছে এটাই তার দুঃখ। এমনিতে তার শরীরের অবস্থা মোটামুটি ভাল। তিনি রোজা রেখেছিলেন। সেহরি ও ইফতারের ব্যবস্থা জেল কর্তৃপক্ষ করেছে।" রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকার প্রধান বঙ্গবন্ধুর কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন এ তথ্য শেখ হাসিনা জানেন কি না জিজ্ঞেস করলে তিনি বলেন, "আমরা এসব বিষয়ে কোনও কথা বলিনি।" তিনি বলেন, শেখ হাসিনা দেশবাসীর কাছে 'বঙ্গবন্ধু এবং তার শহীদ পরিবারের জন্য' দোয়া চেয়েছেন। দলের নেতা-কর্মীদের বন্যার্তদের সাহায্যে ঝাঁপিয়ে পড়ারও আহ্বান জানিয়েছেন তিনি। শেখ হাসিনার ফুপাতো ভাই আবুল হাসনাত আব্দুল্লাহর স্ত্রী শাহানা আব্দুল্লাহ বলেন, "শেখ হাসিনা ঢাকায় থেকেও তার বাবা-মা ও স্বজনদের কবর জিয়ারত করতে পারেননি। এতে তিনি খুব দুঃখ পেয়েছেন।" বঙ্গবন্ধু পরিবারের সঙ্গে শাহানা আব্দুল্লাহর শিশু সন্তান সুকান্ত বাবুও নিহত হয়েছিল ১৫ আগস্ট। সে কথা বলতে গিয়ে আবেগাতুর হয়ে পড়েন শাহানা আব্দুল্লাহ। বাস্পরুদ্ধ কণ্ঠে তিনি বলেন, "ওরা আমার চার বছরের বাচ্চাটাকে মেরে ফেলেছে। কী দোষ ছিল ওর। ওতো রাজনীতি করত না।" শেখ হাসিনার আত্মীয়দের পর উপমহা-কারাপরিদর্শক শামসুল হায়দার সিদ্দিকী সাংবাদিকদের বলেন, "শেখ হাসিনা তার বাবামায়ের কবর জিয়ারত করতে যেতে চেয়েছেন এরকম কোনও কথা আমি জানি না। আমার কাছে কেউ এ ধরনের তথ্য নিয়ে আসেননি।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমএইচবি/০০০৩ ঘ.