২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টি আর যানজটে নাকাল নগরবাসী

একদিকে বৃষ্টি আর অন্যদিকে রাস্তায় নেমেই তীব্র যানজট। বুধবার দিনের শুরু থেকেই এ ভোগান্তি পোহাতে হয় রাজধানীবাসীকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজধানী জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং ধানমন্ডি ৩২ নম্বার ও বনানী এলাকার বেশকিছু সড়ক বন্ধ করে দেওয়ায় সকাল থেকে রাজধানীর অধিকাংশ সড়কে দেখা দেয় তীব্র যানজট। একদিকে মিরপুর সড়কের রাসেল স্কোয়ার থেকে গাবতলী ও মিরপুর এক নম্বর পর্যন্ত এবং ফার্মগেট থেকে পুরানো বিমান বন্দর সড়ক হয়ে বনানী রেলগেট পর্যন্ত পুরো সড়কেই যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2007, 09:32 AM

Updated : 26 Aug 2022, 08:27 PM

ঢাকা, আগস্ট ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--একদিকে বৃষ্টি আর অন্যদিকে রাস্তায় নেমেই তীব্র যানজট। বুধবার দিনের শুরু থেকেই এ ভোগান্তি পোহাতে হয় রাজধানীবাসীকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজধানী জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং ধানমন্ডি ৩২ নম্বার ও বনানী এলাকার বেশকিছু সড়ক বন্ধ করে দেওয়ায় সকাল থেকে রাজধানীর অধিকাংশ সড়কে দেখা দেয় তীব্র যানজট। একদিকে মিরপুর সড়কের রাসেল স্কোয়ার থেকে গাবতলী ও মিরপুর এক নম্বর পর্যন্ত এবং ফার্মগেট থেকে পুরানো বিমান বন্দর সড়ক হয়ে বনানী রেলগেট পর্যন্ত পুরো সড়কেই যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়। এ অবস্থায় সকালে অফিসগামী সাধারণ মানুষ এবং শোক কর্মসূচি পালনকারী আওয়ামী লীগ নেতা-কর্মী-জনতা রাস্তায় বের হয়েই পড়েন বিপাকে। রাজধানীর অনেক বাস স্টপেই সাধারণ মানুষকে যানবাহনের জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে দেখা যায়। এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম-কমিশনার (ট্রাফিক) মো. জসিমউদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "আমি নিজেই রাস্তায় নেমে অবাক হয়ে গেছি। রাস্তায় আজ (বুধবার) প্রচুর গাড়ি নেমেছে। রাজধানীর সব রাস্তায়ই গাড়িতে পরিপূর্ণ।" ১৫ আগস্টের কর্মসূচির কারণে রাস্তায় গাড়ির সংখ্যা বেশি কিনা জানতে চাইলে তিনি বলেন, " ১৫ আগস্টের কারণে কিনা তা জানিনা। তবে রবিবার সকাল এবং বৃহস্পতিবার বিকেলে সাধারণত রাজধানীর সড়কগুলোতে গাড়ির ভিড় বেশি থাকে। কিন্তু আজ কেন রাস্তায় গাড়ির এত ভিড় তা আমি নিজেই বুঝতে পারছি না।" ট্রাফিক প্রধান আরো বলেন, রাজধানীর বিভিন্ন পয়েন্টে মোট ২২ শ' ট্রাফিক সদস্য এবং ২শ' আনসার সদস্য প্রতি শিফটে যানবাহন নিয়ন্ত্রণের কাজ করে থাকেন। এর মধ্যে বিশেষ কোন ঘটনা থাকলে কম গুরুত্বপূর্ণ স্থান থেকে ফোর্স সরিয়ে এনে গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করে পরিস্থিতি সামাল দেওয়া হয়। ১৫ আগস্টের কর্মসূচি উপলক্ষে এ কারণে আগে থেকেই গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বেশি সংখ্যায় ট্রাফিক সদস্য মোতায়েন করা হয় বলে তিনি জানান। সকাল সাড়ে ১০ টায় আসাদ গেটে কথা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজের দর্শন বিভাগের ছাত্র লিটনের সঙ্গে। তিনি জানান প্রায় এক ঘন্টা চেষ্টা করেও তিনি এখন পর্যন্ত কোন বাসে উঠতে পারেননি। উল্লেখ্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীর দিন সম্ভাব্য অঘটন বা বিশৃঙ্খলা রোধে বুধবার রাজধানীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সরকার। দেশে জরুরি অবস্থা বলবৎ থাকায় আওয়ামী লীগকে দিনটি সীমিতভাবে পালনের অনুমতি দেওয়া হলেও রাজধানীতে প্রায় চার হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বিমানবন্দর, রেল স্টেশন, বাসস্ট্যান্ডসহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ। ঢাকা মহানগর পুলিশ কমিশনার নাঈম আহমেদ মঙ্গলবার সন্ধ্যায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, "রাজধানীতে নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।" একইভাবে বনানী কবরস্থান ঘিরে প্রায় সাতশ পুলিশ মোতায়েন করা হয়। কবরস্থানসহ আশেপাশের প্রায় ১ কিলোমিটার জুড়ে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। শুধু এই দুই জায়গাতেই নয়, রাজধানীর প্রতিটি থানা এলাকাতেই নেওয়া হয় বিশেষ ব্যবস্থা। কোথাও থেকে যাতে মিছিল বের হতে না পারে অথবা কাঙালী ভোজ না হতে পারে সে ব্যাপারে সর্তক দৃষ্টি রাখা হয়। এ কারণে আওয়ামী লীগের প্রতিটি শাখা অফিসের সামনেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এসকে/১৫১৯ ঘ.