২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট সরকারি কলেজে ছাত্রলীগ-ছাত্রশিবির সংঘর্ষ

সিলেট সরকারি কলেজ ক্যাম্পাসে বুধবার দুপুরে ছাত্রলীগ-ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের চার জন আহত হয়েছেন। উত্তেজনার পরিপ্রেক্ষিতে কলেজ ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2007, 08:29 AM

Updated : 26 Aug 2022, 08:27 PM

সিলেট, আগস্ট ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সিলেট সরকারি কলেজ ক্যাম্পাসে বুধবার দুপুরে ছাত্রলীগ-ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের চার জন আহত হয়েছেন। উত্তেজনার পরিপ্রেক্ষিতে কলেজ ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১১টার দিকে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা কলেজের বিভিন্ন শ্রেণীকক্ষে গিয়ে সংগঠনের প্রচারণা চালালে ছাত্রলীগের কর্মীরা বাধা দেয়। এনিয়ে দুপুর ১২টার দিকে উভয় পক্ষ হাতাহাতি ও লঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহতরা হলেন, ছাত্রলীগ কর্মী ও কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র রাফি আলম ও রাহুল আহমদ এবং ছাত্র শিবিরের কর্মী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র এমদাদ আহমদ ও সাওকি আহমদ। কলেজ ছাত্রলীগের আহ্বাায়ক দেবাংশু দাশ মিটু বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাজনীতি নিষিদ্ধ থাকায় আমরা কোনও সাংগঠনিক তৎপরতা চালাচ্ছি না। অথচ ছাত্রশিবির প্রতিদিনই তাদের কার্যক্রম চালাচ্ছে। আজ (বুধবার) তারা বিভিন্ন শ্রেণি কক্ষে গিয়ে প্রচারণা চালাতে গেলে ওই সংঘর্ষ বাধে।" তবে সংঘর্ষে শিবিরের সংশ্লিষ্টতার বিষয়টি অস্বীকার করেন সংগঠনের কলেজ শাখার সভাপতি কাজী জাফর আহমদ। তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বহিরাগত ও ছাত্রলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ছাত্রশিবিরের কোনও সম্পৃক্ততা নেই।" বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে কলেজের অধ্যক্ষ আবু সালেহ মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাতাহাতি-মারামারি তো লেগেই আছে। আজকের ঘটনা রাজনৈতিক কারণে কি না জানি না। ক্যাম্পাসে উত্তেজনা দেখা দেখা দেওয়ায় পুলিশ মোতায়েন করা হয়েছে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৩০ ঘ.