২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশেষ কারাগারের সামনে

বাগেরহাটের আওয়ামী লীগ নেতা হাফেজ মোহাম্মদ মাওলানা মোস্তফা চৌধুরীর নেতৃত্বে সকাল সাড়ে ১১ টার দিকে শেখ হাসিনার বিশেষ কারাগারের সামনে আওয়ামী লীগ এবং এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা মিলাদ মাহফিল করেন। তারা সেখানে দোয়া-দরুদ পাঠ এবং খেজুর বিতরণ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2007, 07:33 AM

Updated : 26 Aug 2022, 08:27 PM

ঢাকা, আগস্ট ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বাগেরহাটের আওয়ামী লীগ নেতা হাফেজ মোহাম্মদ মাওলানা মোস্তফা চৌধুরীর নেতৃত্বে সকাল সাড়ে ১১ টার দিকে শেখ হাসিনার বিশেষ কারাগারের সামনে আওয়ামী লীগ এবং এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা মিলাদ মাহফিল করেন। তারা সেখানে দোয়া-দরুদ পাঠ এবং খেজুর বিতরণ করেন। অন্যদিকে সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং আওয়ামী লীগ নেত্রী আইনজীবী তারানা হালিম সকাল পৌনে ১০টায় শেখ হাসিনার সঙ্গে দেখা করার জন্য বিশেষ কারাগারের সামনে যান। কিন্তু আগে থেকে অনুমতি না থাকায় তিনি দেখা করতে পারেননি। এছাড়া সকাল থেকেই মহিলা আওয়ামী লীগ ও যুবলীগসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিশেষ কারাগারের সামনে ভিড় করেন। কারাবন্দী শেখ হাসিনা এ দিনটি রোজা রেখে আর প্রার্থনায় কাটাবেন বলে জানা গেছে। উপ-মহা কারা পরিদর্শক শামসুল হায়দার সিদ্দিকী মঙ্গলবার রাতে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন,"শেখ হাসিনা ১৫ আগস্ট রোজা রাখার সিদ্ধান্ত নিয়েছেন। আর সে অনুযায়ী তার জন্য সেহরি ও ইফতারের ব্যবস্থা করা হয়েছে।" এদিনে কারা কর্তৃপক্ষ শেখ হাসিনার সঙ্গে তার আত্মীয়দের দেখা করার বিশেষ সুযোগ দিচ্ছেন বলে কারাসূত্র জানিয়েছে। বিকালে পরিবারের ৫জন সদস্য শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন। গত শনিবার কয়েকজন আত্মীয় হাসিনার সঙ্গে দেখা করেছেন। কারাবিধি অনুযায়ী আগামী শনিবারের আগে আর কারো দেখা করার সুযোগ ছিল না। কিন্তু ১৫ আগস্টের কারণে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএনএস/এসকে/১৪৩৩ ঘ.