ঢাকা, আগস্ট ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে ঘোষণা দেওয়ার ব্যাপারে এখনও পর্যন্ত কোন চিন্তা-ভাবনা করেনি বর্তমান তত্ত্বাবধায়ক সরকার।
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ব্যারিষ্টার মইনুল হোসেন বুধবার সকালে এক প্রশ্নের উত্তরে এ তথ্য দিয়ে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, " বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে ঘোষণা দেওয়ার ব্যাপারে এখনও পর্যন্ত কোন আলোচনা হয়নি। সরকার প্রধানের কাছ থেকে প্রস্তাবটি আসতে হবে। এখনও পর্যন্ত তিনি আমাদের কিছু বলেননি। কোন ইঙ্গিতও দেননি।" (আরও তথ্যসহ)
দিনটিকে জাতীয় শোক দিবস করার ব্যাপারে সরকারের চিন্তাভাবনা কী জানতে চাইলে তিনি বলেন, "বঙ্গবন্ধুর মৃত্যুদিবসকে জাতীয় শোক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নির্বাচিত সরকারের পক্ষে নেওয়াই সঙ্গত হবে। আপনার প্রশ্নটি রাজনৈতিক নেতাদের কাছে রাখাই সমীচীন হবে।"
সরকারিভাবে দিবসটি উদযাপন করা হচ্ছে না কেন -এ প্রশ্নের উত্তরে আইন উপদেষ্টা বলেন, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে রাষ্ট্রপতি ও সরকার প্রধান টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে গেছেন।
পনের আগস্টকে কেন জাতীয় শোক দিবস ও সাধারণ ছুটি ঘোষণা করা হবে না তার কারণ দর্শানোর জন্য হাইকোর্টের রুলনিশির নির্ধারিত সময় রোববার পার হয়ে গেলেও সরকার এখন পর্যন্ত তার জবাব দেয়নি কেন জানতে চাওয়া হলে ব্যারিষ্টার মইনুল বিষয়টি জানার জন্য অ্যাাটর্র্র্নি জেনারেলের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।
এ প্রসঙ্গে ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজিক আল জলিল বলেন,"সরকারের কয়েকটি মন্ত্রণালয়কে এ মামলার প্রতিপক্ষ করা হয়েছে। মন্ত্রণালয়গুলোর জবাব এলে তা আদালতে জমা দেওয়া হবে।"
৬ আগস্ট হাইকোর্টের একটি বেঞ্চ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. মোজাম্মেল হকের দায়ের করা জনস্বার্থ রিটের পরিপ্রেক্ষিতে সরকারের মন্ত্রীপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মূখ্য সচিব, আইন সচিব ও শিক্ষা সচিবসহ ৬ জনকে এক সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলেছিল। আদালত পনের আগস্ট জাতীয় শোক দিবস ও ছুটি বাতিলকে কেন অবৈধ ঘোষণা করা হবেনা সরকারের কাছে তারও ব্যাখ্যা চেয়েছিল।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে চলতি মাসেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে ঘোষণা দেওয়ার দাবি জানায় আওয়ামী লীগ।
বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সংশ্লিষ্টরা শ্রদ্ধার সঙ্গেই বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করে আসছেন। তারা পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সংযোজনের মাধ্যমে বঙ্গবন্ধুর অবদান সঠিকভাবে তুলে ধরার উদ্যোগ নিয়েছেন। সেনা প্রধান জেনারেল মইন উ আহমেদও তার প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেছেন। গত ২৮ মার্চ 'মুক্তিযোদ্ধা কন্টিনজেন্টের' সম্মানে আয়োজিত এক চা চক্রে মইন বলেন, "স্বাধীনতার পর থেকে ৩৬ বছরে রাজনীতিকরা আমাদের ভালো কিছু দিতে পারেননি। ..ভেবে দেখুন, আমরা জাতির পিতাকে পর্যন্ত স্বীকৃতি দিইনি।"
বাংলাদেশের স্বাধীনতায় বঙ্গবন্ধুর অবদানের জন্য ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস ঘোষণা করে। দিবসটিতে সাধারণ ছুটিও ঘোষণা করা হয়। কিন্তু ২০০২ সালের ৮ আগস্ট বিএনপি সরকার মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্তে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে ১৫ আগস্টের জাতীয় শোক দিবস ও ছুটি বাতিল করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এএইচডি/এসকে/এমএইচবি/১২৪৯ ঘ.
bdnews24