২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর কাছেই ...

কেরানীগঞ্জে দ্বিতীয় বুড়িগঙ্গা সেতুর নিচে পৌঁছতেই সেখানে আশ্রয় নেওয়া বানভাসি মানুষ দলে দলে একেবারে ছেঁকে ধরে। 'রিলিফের লোক' ভেবে নারী-পুরুষ-শিশু সমস্বরে শুরু করেন আহাজারি, "বাবা, কিছু খাওন দ্যাও! ছুটো-ছুটো ছেল্যা-ম্যায়া নিয়ে বড় কষ্টে আছি!" বন্যার্ত শিশু আসমা ইসলামাবাদে 'আনন্দ প্রাথমিক বিদ্যালয়ে' প্রথম শ্রেণীতে পড়ে। চার ভাইবোনের মধ্যে সে - ই সবার বড়। বাবা পেশায় ভ্যান চালক। আসমা জানায়, বন্যার কারণে স্কুল এখন ছুটি। সকালে এক মুঠো মুড়ি আর দুপুরে ভাত-আলু ভাজি খেয়েছে। দুবেলা দুমুঠো খাবারের জন্য সারাদিন হাপিত্যেস করে বসে থাকা এ মানুষগুলোর দুর্গতির চিত্র তুলে ধরেছেন বিপ্লব রহমান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2007, 06:45 AM

Updated : 26 Aug 2022, 08:27 PM

কেরানীগঞ্জ, (ঢাকা) আগস্ট ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- কেরানীগঞ্জে দ্বিতীয় বুড়িগঙ্গা সেতুর নিচে পৌঁছতেই সেখানে আশ্রয় নেওয়া বানভাসি মানুষ দলে দলে একেবারে ছেঁকে ধরে। 'রিলিফের লোক' ভেবে নারী-পুরুষ-শিশু সমস্বরে শুরু করেন আহাজারি, "বাবা, কিছু খাওন দ্যাও! ছুটো-ছুটো ছেল্যা-ম্যায়া নিয়ে বড় কষ্টে আছি!" বন্যার্ত শিশু আসমা ইসলামাবাদে 'আনন্দ প্রাথমিক বিদ্যালয়ে' প্রথম শ্রেণীতে পড়ে। চার ভাইবোনের মধ্যে সে - ই সবার বড়। বাবা পেশায় ভ্যান চালক। আসমা জানায়, বন্যার কারণে স্কুল এখন ছুটি। সকালে এক মুঠো মুড়ি আর দুপুরে ভাত-আলু ভাজি খেয়েছে। বাবা বলেছেন, চাল কিনতে পারলে রাতে খাবার জুটবে, নইলে উপোষ। দুবেলা দুমুঠো খাবারের জন্য সারাদিন হাপিত্যেস করে বসে থাকা এ মানুষগুলোর দুর্গতির চিত্র তুলে ধরেছেন বিপ্লব রহমান গত দু সপ্তাহ থেকে দ্বিতীয় বুড়িগঙ্গা সেতুর নিচে আশ্রয় নিয়েছেন এরা। অধিকাংশই দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। এসেছেন আগানগর, কদমতলা, গোলাপনগর, সুবাড্ডা, নঈম আলী - ইত্যাদি এলাকা থেকে। রাজধানীর আলো ঝলমল চাকচিক্য থেকে সামান্যই তফাতে থাকা এ মানুষগুলোর দিনযাপনের ধরণ অবশ্য নূন্যতম নাগরিক স্বাচ্ছ্যন্দ থেকে আলোকবর্ষ দূরে। এ পর্যন্ত স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে সামান্য ত্রাণ সাহায্য পেয়েছেন মাত্র দুদফায়। খাবার আর পানির কষ্টই সেখানে সবচেয়ে বেশি। সদ্য স্বামী -পরিত্যক্তা গৃহপরিচারিকা আলোর (৪৫) কষ্টের শেষ নেই। তার ছয়-ছয়টি শিশু সন্তানের মধ্যে সবচেয়ে ছোটটির বয়স মাত্র ছয় মাস। দুধের অভাবে গত কয়েকদিন ধরে আটা গুলে খাইয়ে বাচ্চাটিকে বাঁচিয়ে রেখেছেন তিনি। আলোর দাবি খুব সামান্য, বাচ্চাটির জন্য কয়েক প্যাকেট তরল দুধ পেলেই তিনি খুিশ। স্থানীয় কিশোর ইব্রাহিম জিঞ্জিরা পাইলট হাই স্কুলে দশম শ্রেণীর ছাত্র। সে জানালো, এলাকাবাসীই স্বেচ্ছাশ্রম দিয়ে সেতুর নিচে ছোট ছোট ঝুপড়ি তুলে বন্যার্তদের কোনো রকমে মাথা গোঁজার ব্যবস্থা করেছেন। পাশের এক সহৃদয় গৃহকর্তা নিজের বাসা থেকে পাইপ দিয়ে প্রতিদিন একবার কিছু পানি দেন। বিনামূল্যের এই পানিটুকুই বিপন্ন মানুষের ভরসা। কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খোলা মেডিকেল টিম অফিসে বসে কথা হয় আগানগর ইউনিয়ন পরিষদ সদস্য শাহিন মিয়ার সঙ্গে। তিনি জানান, প্রয়োজনের তুলনায় ত্রাণ একেবারেই অপ্রতুল। উপজেলা পরিষদ ও ব্যক্তি উদ্যোগে যেটুকু ত্রাণ পাওয়া গেছে, তা অনেক আগেই বিতরণ করে এখন তারা আরো ত্রাণ সংগ্রহের জন্য ছুটোছুটি করছেন। এছাড়া স্বেচ্ছাশ্রমে কয়েকজন ডাক্তার চিকিৎসা দিতে রাজি হলেও খাবার স্যালাইনসহ অন্যান্য প্রয়োজনীয় ওষুধপত্রের রয়েছে তীব্র সঙ্কট। শাহিন মিয়ার দেওয়া তথ্য অনুযায়ী, বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর নীচে এখন ৮৪৮টি বন্যার্ত পরিবারের ৩,৭৭৯ জন মানুষ আশ্রয় নিয়েছে। পানি কমতে শুরু করলেও গতি খুবই মন্থর বলে আশ্রিতরা কেউই সহসাই বাড়িঘরে ফিরতে পারছেন না। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এসকে/১২১৭ ঘ.